জামায়াতের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার দেখানো হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা নিজামী-মুজাহিদ-সাঈদীকে যেকোনো সময় মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার দেখানো হতে পারে। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় আইনমন্ত্রী এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, আইনের ফাঁকফোকড় বন্ধ করেই সরকার মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের কাজে এগিয়ে যাচ্ছে। তদন্তকাজে কিছুটা সময় লাগলেও বিচার শুরু হয়ে গেলে আর সময় নেওয়া হবে না। মুক্তিযুদ্ধকালে চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ দ্রুত শুরু করে চলতি বছরের মধ্যেই তা শেষ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে মদদদাতাদের এ দেশে কোনো অবস্থাতেই রাজনীতি করতে দেওয়া যাবে না। এদের রাজনীতি নির্মূল করতে হবে। বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা এম এ করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।