চারদলীয় জোটে পৌরসভা নির্বাচনে দর-কষাকষিতে বিএনপির কাছে গুরুত্ব পাচ্ছে না জামায়াতে ইসলামী।৮০টি পৌরসভায় মেয়র পদে জামায়াত-সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দিলেও এখন দলটি দর-কষাকষি করছে ৪০টিতে বিএনপির সমর্থন আদায়ের জন্য। কিন্তু গতকাল পর্যন্ত চারটি বিভাগ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালে জামায়াতের দুই প্রার্থীকে বিএনপি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে।ইতিমধ্যে ২৬০টির মধ্যে অর্ধেকের মতো পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের তারিখও শেষ হয়ে গেছে। এ অবস্থায় ১০টিতেও জামায়াতের মেয়র পদপ্রার্থী বিএনপির সমর্থন পাবে কি না, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।এ ছাড়া চারদলীয় জোটের অপর তিন শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের কাউকে মেয়র পদপ্রার্থী হিসেবে বিএনপি সমর্থন দিচ্ছে না। ইসলামী ঐক্যজোট ও খেলাফত মজলিসের নেতাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ থাকলেও তাঁরা বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে থাকার কথা বিএনপিকে জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।বিএনপির সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে জামায়াতকে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপির তৃণমূলের নেতারা একেবারেই অনাগ্রহী। যার প্রমাণ বিএনপির বিভাগীয় বাছাই কমিটিগুলো থেকে প্রতিটি পৌরসভায় বিএনপির নিজস্ব প্রার্থীদের তালিকা দলটির কেন্দ্রীয় তদারকি সেলে পাঠানো হয়েছে। তৃণমূলেও নেতারা কোনো পৌরসভায়ই জামায়াতের প্রার্থীকে সমর্থন দেওয়ার সুপারিশ করেননি।এরই মধ্যে প্রার্থী বাছাইয়ে বিএনপির কেন্দ্রীয় তদারকি সেল ও বিভাগীয় কমিটির নেতাদের সঙ্গে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার দুই দফা বৈঠক হয়েছে। ওই বৈঠকে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এই চার বিভাগের ১৩০ পৌরসভার মধ্যে কেবল গাইবান্ধার সুন্দরগঞ্জ ও মেহেরপুর সদর পৌরসভায় জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি। তদারকি সেলের প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, বিএনপির স্থানীয় নেতাদের প্রার্থী বাছাইয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। এ জন্য বিভাগীয় কমিটিও করা হয়েছে। তাঁরা তালিকা পাঠিয়েছেন। প্রার্থী বাছাই নিয়ে বড় কোনো অভিযোগ আসেনি। তাই বিভাগীয় কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ধরা হচ্ছে।রাজশাহী ও রংপুর বিভাগ: দলীয় একাধিক সূত্র জানায়, রাজশাহী বিভাগে জামায়াতের প্রভাব বেশি—এই দাবি তুলে জামায়াত রাজশাহীর অনেকগুলো পৌরসভায় তাদের প্রার্থীকে সমর্থন দিতে বিএনপিকে অনুরোধ করে। কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে রাজশাহীতে বিএনপির প্রার্থী বাছাইয়ে দায়িত্বপ্রাপ্তরা কোথাও জামায়াতের প্রার্থীকে সমর্থন দিতে রাজি হননি। তবে রংপুর বিভাগের একটি পৌরসভায় জামায়াতকে ছাড় দেওয়া হচ্ছে। এই দুই বিভাগে অনুষ্ঠেয় ৭৩ পৌরসভার মধ্যে ৭০টিতে বিএনপি-সমর্থিত একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করে বাছাই কমিটি খালেদা জিয়ার কাছে পাঠিয়েছেন চূড়ান্ত অনুমোদনের জন্য।জানা গেছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভায় স্থানীয় বিএনপি সমর্থন দিয়েছে দলীয় নেতা ফখরুল ইসলামকে। কিন্তু সেখানে জামায়াত নেতা নুরুন্নবী প্রামাণিক বর্তমান পৌর চেয়ারম্যান। বিএনপি মনে করে, এলাকাটি জামায়াত-অধ্যুষিত। তাই কেন্দ্রীয় নেতাদের কয়েক দফা বৈঠকের পর ওই পৌরসভায় জামায়াত প্রার্থীকে সমর্থন দিতে স্থানীয় বিএনপিকে নির্দেশ দেওয়া হয়েছে।গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান জানান, সুন্দরগঞ্জে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির প্রার্থীকে নিষ্ক্রিয় থাকতে বলা হয়েছে।রাজশাহী বিভাগের বাছাই কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, কোনো পৌরসভায় জামায়াতকে ছাড় দেওয়ার কারণ নেই। এ জন্য জামায়াতের কোনো অনুরোধ কমিটি রাখা হয়নি। তার পরও জামায়াতের দাবি সম্পর্কে চেয়ারপারসনকে জানানো হয়েছে।’খুলনা ও বরিশাল: খুলনা বিভাগের ৩৩টি পৌরসভার মধ্যে মেহেরপুর সদরে জামায়াতের প্রার্থীকে স্থানীয় বিএনপি সমর্থন দিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আর বরিশাল বিভাগের ২১ পৌরসভার সব কটিতে বিএনপি নিজদলীয় প্রার্থীকে সমর্থন দিয়েছে।খুলনা বিভাগের প্রার্থী বাছাই কমিটির সদস্য বিএনপির সাংসদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুলনা বিভাগের একটি ছাড়া সব কটিতে বিএনপির প্রার্থী রয়েছেন। মেহেরপুর সদরে বিএনপির কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ জন্য স্থানীয় বিএনপিকে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিতে বলা হয়েছে। বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে বলেও নজরুল ইসলাম জানান। চট্টগ্রামে চারটিতে জামায়াতের প্রার্থী: চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার চারটি পৌরসভায় প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। সেগুলো হচ্ছে বারইয়ার হাট, মিরসরাই, সাতকানিয়া ও পটিয়া পৌরসভা। কিন্তু এর একটিতেও সমর্থন দিতে রাজি নন বিএনপির স্থানীয় নেতারা। তাঁরা এ মত কেন্দ্রকেও জানিয়েছেন।অবশ্য জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির সাংসদ আ ন ম শামসুল ইসলাম এখনো আশাবাদী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি, বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে জামায়াত প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ে সচেষ্ট হব।’তবে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী বলেন, এখানে বিএনপির প্রার্থী থাকবেন। চারদলীয় জোটের সমর্থন দরকার হলে বিএনপির প্রার্থীকেই সমর্থন দিতে হবে।এ ছাড়া ঢাকা ও সিলেট বিভাগে জামায়াতের কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।