জামায়াতের দুই চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযম ও মুহাম্মদ কামারুজ্জামানের মামলার রায় ঘোষণার পর কী ধরনের প্রতিক্রিয়া জানাবে, তা নিয়ে দুই ধরনের চিন্তাভাবনা চলছে জামায়াতে ইসলামীর ভেতরে।দলের একাধিক সূত্র থেকে জানা গেছে, প্রথম চিন্তাটি হচ্ছে—দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল কাদের মোল্লার মামলার রায় ঘোষণার পরপর হরতাল ডাকাসহ যে ধরনের সহিংস প্রতিক্রিয়া জানানো হয়েছিল, গোলাম আযম ও কামারুজ্জামানের মামলার রায়ের পরও সে ধারাতেই পদক্ষেপ নেবে। এ চিন্তার পক্ষের নেতারা মনে করেন, এ পর্যন্ত তাঁদের দল ও নেতা-কর্মীদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে সংঘর্ষমূলক কর্মসূচি নেওয়া ছাড়া বিকল্প নেই। বরং আগের চেয়ে আরও কঠোর হওয়ার পক্ষে তাঁরা।আর দ্বিতীয় চিন্তাটি হচ্ছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ‘হিংসাত্মক’ আচরণ না করলে নতুন করে আর বড় কোনো সহিংসতায় না যাওয়া। এ চিন্তার পক্ষের নেতারা মনে করেন, ইতিমধ্যে নেতা-কর্মীরা কারাবন্দী শীর্ষ স্থানীয় নেতাদের বাঁচাতে রাজপথে ও আইনগতভাবে সর্বোচ্চ চেষ্টা করেছেন। অনেক নেতা-কর্মী জীবনহানি ও অঙ্গহানির শিকার হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন বিপুলসংখ্যক নেতা-কর্মী। ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষকে ভালোভাবে মোকাবিলা করতে সমর্থ হয়েছেন। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মানদণ্ড এবং এর বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে সরকার ট্রাইব্যুনালের ওপর প্রভাব খাটালে এবং এর ফলে বাকি নেতাদের সর্বোচ্চ সাজার রায় হলে এবং সে রায় কার্যকর করলে দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগই ক্ষতিগ্রস্ত হবে বলে তাঁদের ধারণা।তবে জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল অথবা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায় ঘোষণা হলে হরতাল ঘোষণাসহ তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশের ব্যাপারে আগে থেকেই দলটিতে সিদ্ধান্ত রয়েছে। সে সিদ্ধান্ত ও প্রস্তুতি এখনো বহাল আছে। তবে এখন কিছুটা সংযত প্রতিক্রিয়া দেখানোর চিন্তাও বিবেচনায় রয়েছে বলে একাধিক নেতা জানিয়েছেন।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলার বিচারকাজ শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।দলটির গুরুত্বপূর্ণ সূত্র থেকে জানা গেছে, দলের তাত্ত্বিক নেতা হিসেবে গোলাম আযমের প্রতি জামায়াতের সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে বিশেষ আবেগ রয়েছে। আর কামারুজ্জামানের প্রতি দলের তরুণ নেতা-কর্মীদের মধ্যে আবেগ বেশি।জানতে চাইলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম দাবি করেন, ‘ট্রাইব্যুনালে যদি সরকার নির্দেশিত রায়ের প্রতিফলন হয়, তাহলে স্বাভাবিকভাবেই দেশের মানুষ আগের মতোই প্রতিক্রিয়া জানাবে। এক্ষেত্রে সংবিধানে স্বীকৃত প্রতিবাদের যত ধরনের ভাষা আছে, জনগণ সব ভাষায় প্রতিক্রিয়া দেখাবে।’ট্রাইব্যুনালে এর আগে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৮ ফেব্রুয়ারি দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এই দুই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষ আপিল করেছে। এর মধ্যে কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি চলছে। আর সাঈদীর মামলায় আপিলের ওপর আগামী ২ মে শুনানির দিন ধার্য রয়েছে।সাঈদীর মামলার রায় ঘোষণার পর দেশের ২১টি জেলায় ব্যাপক তাণ্ডব চালায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। প্রায় এক সপ্তাহ ধরে চলা ওই সহিংসতায় পুলিশসহ অনেকের প্রাণহানি, রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।