জামায়াতের নাশকতায় সহায়তার অভিযোগে বাবা-ছেলে আটক
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নাশকতায় সহযোগিতার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে গত বৃহস্পতিবার রাতে দুজনকে আটক করেছে র্যাব। তাঁরা হলেন তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার আবদুর রহমান (৫২) ও তাঁর ছেলে আরিফুর রহমান (২২)।র্যাব-৪-এর উপ-অধিনায়ক কে এম তানভীর আনোয়ার গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের ন্যাশনাল হাউজিং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে আবদুর রহমান ও তাঁর ছেলেকে আটক করা হয়। জামায়াতের সাবেক রুকন (সদস্য) কুয়েতপ্রবাসী আবদুল জব্বার জামায়াত-শিবিরের কর্মীদের সাংগঠনিক কাজে খরচ বাবদ দুই লাখ টাকা পাঠিয়েছেন। ওই টাকা হস্তান্তরের দায়িত্ব পড়ে গ্রেপ্তার এই বাবা-ছেলের ওপর। তাঁরা ওই দায়িত্ব পালন করছিলেন। তাঁদের কাছ থেকে প্রচুর জিহাদি বই ও লিফলেটও জব্দ করা হয়।র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুর রহমান বরগুনা থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ১৯৮৩ সালে তিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট) থেকে ডিপ্লোমা অর্জন করেন। ওই সময় তিনি তাঁর মামা জামায়াতের রুকন আবদুল জব্বারের সঙ্গে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত হন। আবদুর রহমান জামায়াতের বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নেন এবং অর্থসহায়তা দেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, আরিফুর ছাত্রশিবিরের নেতা। তিনি শিবিরের মিরপুর ৭ নম্বর ওয়ার্ডের সেকশন উপশাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি একটি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।