রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই জামায়াত এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচটি মামলায় জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে রায় দিয়েছিলেন।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন। তবে কোন বিচারপতি ভিন্ন মত দিয়েছেন, তা বলা হয়নি।রায়ে আদালত বলেন, সংখ্যাগরিষ্ঠ মতামতে রুল অ্যাবসলিউট (রুল মঞ্জুর) করা হলো। নির্বাচন কমিশন জামায়াতকে যে নিবন্ধন দিয়েছে, তা অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত। এর কোনো আইনগত ভিত্তি নেই।বেলা আড়াইটার দিকে এজলাসে আসন নেন বিচারপতিরা। পরে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন বলেন, রায়ের আদেশের অংশটুকু ঘোষণা করা হবে। রায় ঘোষণার পর জামায়াতের পক্ষে আইনজীবীর আরজির পরিপ্রেক্ষিতে আপিল করার বিষয়ে সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সার্টিফিকেট দেওয়া হয়। বেলা তিনটার দিকে রায়ের স্থগিতাদেশ চেয়ে দলটির পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করা হয়।রায়ের পর নির্বাচন কমিশনের কৌঁসুলি মহসীন রশিদ প্রথম আলোকে বলেন, সংখ্যাগরিষ্ঠের মতে আদালত রুল মঞ্জুর করেছেন। নিবন্ধন অবৈধ ঘোষণার কারণগুলো পরে পাওয়া যাবে। তিনি বলেন, এ রায়ের সঙ্গে সঙ্গে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। ফলে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে দলীয় প্রতীক নিয়ে জামায়াত আর নির্বাচনে অংশ নিতে পারবে না। জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাক বলেছেন, ‘আমরা আপিল করেছি। ফলে বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। আমি মনে করি, আমরা নির্বাচনে অংশ নিতে পারব। আর আপিল বিভাগ রায় স্থগিত করলে তো পারবই।’২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ব্যক্তি। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয় গত ১২ জুন। রিট আবেদনকারীদের আইনজীবী তানিয়া আমীর রাতে নিউইয়র্ক থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় জামায়াতে ইসলামী নামে এখন বৈধ কোনো রাজনৈতিক দল থাকছে না। এর ফলে জামায়াত কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। জনগণই সব ক্ষমতার মালিক—এটা সব রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। নতুবা নির্বাচনে জনগণের কাছে ভোট চাইতে পারবে না।রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা চাইব, রায়ের কপি দ্রুত ইসিতে আসুক। কপি পাওয়ার পরই রায়ের বিরুদ্ধে আপিল হবে, নাকি নিবন্ধন বাতিল হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।’ আগামী নির্বাচনের আগে জামায়াতের নিবন্ধন বাতিল করা হবে কি না জানতে চাইলে সিইসি বলেন, আপিল হলে এবং হাইকোর্টের রায় যদি আপিল বিভাগে বহাল থাকে, তাহলে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের দলের নেতারা অন্য নিবন্ধিত কোনো দলের প্রার্থী হয়েও নির্বাচনে অংশ নিতে পারবেন না। জামায়াতের দুজন সদস্য সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই অবস্থায় দলটির নিবন্ধন বাতিল হলে ইসি কী ধরনের পদক্ষেপ নেবে—জানতে চাইলে সিইসি বলেন, সবকিছুই নির্ভর করছে রায়ের কপি হাতে পাওয়ার ওপর।হাইকোর্টে রিট ও রুল: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বলা হয়, জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি-এর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী। এই অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দলের নিবন্ধনের অযোগ্যতার বিষয়ে বলা আছে।রিট আবেদন থেকে জানা যায়, এই ধারাগুলোতে কিছু শর্তের কথা বলা আছে, যেগুলো পূরণ না করলে রাজনৈতিক দলটির নিবন্ধন বাতিল হতে পারে। এক. দলের গঠনতন্ত্র যদি সংবিধান পরিপন্থী হয়। দুই. গঠনতন্ত্রে কোনো বিশেষ ধর্ম, বর্ণ, গোষ্ঠী, ভাষা বা লিঙ্গভেদে কোনো বৈষম্য প্রতীয়মান হয়। তিন. নাম, পতাকা, চিহ্ন বা অন্য কোনো কর্মকাণ্ড দ্বারা সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়া কিংবা দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চার. দলের গঠনতন্ত্রে দেশের ভৌগোলিক সীমার বাইরে কোনো দপ্তর, শাখা বা কমিটি গঠন এবং পরিচালনার বিধান থাকে। প্রাথমিক শুনানি নিয়ে ২০০৯ সালের ২৭ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক (সাবেক প্রধান বিচারপতি) ও বিচারপতি মো. আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল জারি করেন। রুলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১)(বি)(২) এবং ৯০সি ধারার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও নির্বাচন কমিশনসহ চার বিবাদীকে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। রুলের ওপর গত এপ্রিল থেকে ১২ জুন পর্যন্ত নয় কার্যদিবস শুনানি হয়।আদালত সূত্র জানায়, ২০১১ সালে ওই রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরে ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারী পক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করে। ৫ মার্চ বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। ১০ মার্চ সাংবিধানিক ও আইনের প্রশ্ন জড়িত থাকায় বৃহত্তর বেঞ্চে শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন দ্বৈত বেঞ্চ। ওই দিন প্রধান বিচারপতি তিন বিচারপতির সমন্বয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। ওই বেঞ্চই গতকাল রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ব্রিফিংয়ে জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, তিনজন বিচারপতি একমত হয়ে রায় দিতে পারেননি। এ রায় জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর কোনো প্রভাব ফেলবে না। তারা সব কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। তিনি বলেন, ‘হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করেছেন। এর সঙ্গে আইনগত বিষয় জড়িত থাকায় আমাদের সরাসরি আপিল করার অনুমতি দিয়েছেন। এর অর্থ হলো, বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন।’আবদুর রাজ্জাক বলেন, ‘আমি চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে গিয়েছিলাম। কার্যদিবস শেষ হওয়ায় তিনি আমাদের আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন। আমরা আপিল করেছি। এর ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে।’আবদুর রাজ্জাক আরও বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট প্যান্ডোরার বক্স খুলে দিয়েছেন। যিনি রিট আবেদন করেছেন, তিনি তরীকত ফেডারেশনের নেতা। তাঁর দলের গঠনতন্ত্রে জিহাদের কথা উল্লেখ আছে। যার গঠনতন্ত্রে জিহাদের কথা উল্লেখ আছে, তিনি জামায়াতের গঠনতন্ত্র চ্যালেঞ্জ করে রিট করতে পারেন না। তরীকত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও রিট আবেদনকারীদের অন্যতম সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রথম আলোকে বলেন, ‘আদালতের রায়ে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের সঙ্গে আমরাও সন্তুষ্ট। দ্রুত এ রায় কার্যকর হোক, সেটাই প্রত্যাশা।’ জামায়াতের আইনজীবী আবদুর রাজ্জাকের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তরীকত ফেডারেশন ধর্মীয় দল নয়, দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে জিহাদের বিষয়টি নেই।গতকাল কয়েক মিনিটে রায় ঘোষণা করেন আদালত। জামায়াতের পক্ষে আইনজীবী বেলায়েত হোসেন রায়ের বিরুদ্ধে আপিলের জন্য সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী সার্টিফিকেট ইস্যুর আবেদন জানান। সার্টিফিকেট ইস্যুর ব্যাপারে তিন বিচারপতি একমত পোষণ করেন। আইনজীবীরা জানান, এই সার্টিফিকেট ইস্যু করলে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করা ছাড়াই সরাসরি আপিল করা যায়।জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, ‘প্রত্যাশিত এ রায়ের জন্য আমরা ২১ বছর যাবৎ আন্দোলন করে আসছি। কয়েক দফা নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্রও দিয়েছি। অবশেষে কয়েকটি ইসলামি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তাতে প্রমাণিত হলো, ২১ বছর ধরে আমরা যে দাবি করে আসছি, তা ন্যায়সংগত ও যৌক্তিক।’ তিনি বলেন, ‘নিবন্ধন বাতিলের অর্থ দল নিষিদ্ধ হয়ে যাওয়া নয়। আমাদের মূল দাবি হচ্ছে দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা। কারণ, এরা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে যুক্ত।’