জামায়াতের নিবন্ধনের বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে করা রিট আবেদন শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চের কার্যতালিকায় এসেছে। যার নম্বর ৬৩০/২০০৯। আজ বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি তালিকায় ছিল। বাংলাদেশ তরিকত ফেডারেশনের তত্কালীন মহাসচিব ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন ২০০৯ সালে রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের ২৭ জানুয়ারি বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।আদালত সূত্র জানায়, ২০১১ সালে রুল শুনানির জন্য অপর একটি দ্বৈত বেঞ্চে উত্থাপন করা হয়। পরবর্তী সময় ওই বেঞ্চের বিচারিক এখতিয়ার পরিবর্তন হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রিট আবেদনকারী পক্ষ উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ ওই বেঞ্চ আবেদনটি শুনানির জন্য পাঠানো হয়। আজ তা তালিকায় আসে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর জামায়াত নিষিদ্ধের দাবি ওঠে। ২৩ ফেব্রুয়ারি আইনমন্ত্রী শফিক আহমদে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ‘জামায়াত রাজনৈতিক দল হিসেবে যেন কার্যকারিতা বজায় রাখতে না পারে, সে জন্য একটি রিট আবেদন সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছে। আশা করি শিগগিরই রিট আবেদনের ওপর শুনানি শুরু হবে।’ওই রিট আবেদনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি (১)(বি)(২) এবং ৯০ সি-এর সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোতে রাজনৈতিক দল নিবন্ধন ও নিবন্ধনীকরণের যোগ্য না হওয়ার বিষয়ে বলা আছে। যোগাযোগ করা হলে রিটের সর্বশেষ অবস্থা সম্পর্কে রিট আবেদনকারীদের আইনজীবী তানিয়া আমীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। আগামী কার্যদিবসে (রোববার) শুনানি শুরু হবে বলে আশা করছি। এখনো রুলের জবাব পাইনি।’