জামায়াতের নিরুত্তাপ হরতালে সংঘর্ষ ভাঙচুর অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। মেহেরপুরে পুলিশ ও হরতালকারীদের মধ্যে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। নিরুত্তাপ হরতালে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে হরতাল-সমর্থকেরা। পুলিশ নাশকতার চেষ্টার অভিযোগে সারা দেশ থেকে অন্তত ৭৬ জনকে আটক করেছে। তবে জামায়াত দাবি করেছে, ১৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।‘জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র, দলের নেতাদের হত্যার চক্রান্ত ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার পরিকল্পনা করছে’—এমন দাবি তুলে ১ আগস্ট হরতাল ডাকে জামায়াত। ওই দিন জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত রায় দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় দলটি এই হরতালের কর্মসূচি দেয়। কাল বৃহস্পতিবার ভোর ছয়টায় ৪৮ ঘণ্টার হরতাল শেষ হবে বলে জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঢাকা: রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে আতঙ্ক ধরানোর চেষ্টা করে জামায়াত-শিবির। একাধিক জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর করার অভিযোগে জামায়াত-ছাত্রশিবিরের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।হরতালের সমর্থনে সকাল সাতটার দিকে উত্তর বাড্ডায় মিছিল বের করে রাস্তায় পেট্রল ঢেলে আতঙ্ক সৃষ্টি ও ইট ফেলে অবরোধের চেষ্টা করেন শিবিরের কিছু কর্মী। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ রাবার বুলেট ছুড়লে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে ও ধূপখোলা মোড়েও রাস্তায় পুরোনো টায়ারে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করেন শিবিরের কর্মীরা। কল্যাণপুরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। মেহেরপুর: সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে হরতালকারীরা। ফলে মেহেরপুর থেকে মুজিবনগর, চুয়াড়াঙ্গা ও কুষ্টিয়া যাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। সদর উপজেলার রাজনগরে জামায়াতের শত শত কর্মী মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করেন। জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন ও ককটেল ফাটান। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।এদিকে গাংনীর গাড়াডোবে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করলে পুলিশ জামায়াতের দুই কর্মীকে আটক করে। এ নিয়ে পরে হরতালকারীদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষ বাধে। এতে গাংনী থানার ওসিসহ পুলিশের তিন সদস্য ও জামায়াতের ১৫-২০ জন কর্মী আহত হন। পুলিশ জামায়াতের আরও চার কর্মীকে আটক করেছে।পিরোজপুর: জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লক্ষ্মীদিয়ায় সকালে জিয়ানগর কলেজের ছাত্রলীগের নেতা শাওন তালুকদারকে বহনকারী মোটরসাইকেলটি পুড়িয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে ক্ষমতাসীন দলের কর্মীরা লক্ষ্মীদিয়া ও বৌডুবিতে বিএনপি ও জামায়াত-সমর্থকদের ১০-১২টি বসতঘর ও চারটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। এর আগে সোমবার রাতে পিরোজপুর শহর থেকে লেবার পার্টি জেলা শাখার সভাপতি আমিনুলসহ পাঁচজনকে আটক করে পুলিশ।সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর মহাসড়কের কদমতলা ও ছয়ঘরিয়া, আশাশুনি-সাতক্ষীরা সড়কের রামচন্দ্রপুর, সাতক্ষীরা-খুলনা সড়কের বেনেরপোতা ও সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে হরতাল-সমর্থকেরা। পুলিশ আশাশুনি উপজেলা থেকে দুজন, কলারোয়ায় একজন ও সাতক্ষীরা শহর থেকে তিনজনকে আটক করে।দিনাজপুর: শিবিরের কর্মীরা সকালে শহরের কাঞ্চন মোড়ে ঝটিকা মিছিল এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। শহরের ষষ্ঠীতলা থেকে একজন ও বীরগঞ্জ থেকে দুজনকে আটক করেছে পুলিশ।জয়পুরহাট: পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মো. তসলিম উদ্দীনকে (৫৬) সোমবার রাতে আটক করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ: পৌর এলাকার শিবতলা মোড়ে পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেল ফাটান শিবিরের কর্মীরা। পরে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।রাজশাহী: পবা উপজেলার হরিয়ান বাইপাস সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এ সময় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের নলকা সেনগাতী এলাকায় সন্ধ্যায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় ৪০টি গুলিবিনিময় হয়। সংঘর্ষে এক পুলিশসহ ১০ জন আহত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা, কাশেম মোড়, বানিয়াগাতী ও ঝাঐল ওভারব্রিজ এলাকায় ভোরে অবস্থান নেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা কাশেম মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী এলাকায় পিকেটিংয়ের সময় উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীকে (৪২) আটক করে পুলিশ। নবগ্রামে আটক হন জামায়াতের আরও এক কর্মী।টঙ্গী (গাজীপুর): টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় হরতাল-সমর্থকেরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আগুন ধরিয়ে দেয় দুটি সিএনজিচালিত অটোরিকশায়। পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ি মোড়ে সকালে ককটেল ফাটান শিবিরের কর্মীরা। এ ছাড়া বড়পুল চুনা ফ্যাক্টরি এলাকায় ককটেল ফাটানো হয়। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে।ফেনী: দাগনভূঁঞা উপজেলার সিলোনিয়া হাইস্কুলের সামনের সড়কে সকালে গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করে পিকেটাররা। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়েন শিবিরের কর্মীরা। এতে নুর উদ্দিন (৩৫) নামের ডিবি পুলিশের এক কনস্টেবল আহত হন। পুলিশ পাঁচজনকে আটক করেছে।লক্ষ্মীপুর: রামগঞ্জের পানিয়ালা সড়কের কয়েকটি স্থানে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। দুপুরে আওয়ামী লীগের কর্মীরা সেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়।কুমিল্লা: হরতালকারীরা সকালে কুমিল্লা শহরতলির ধর্মপুর সড়কে ককটেল ফাটায়। আর দৌলতপুরে কাঠের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। ঝাগুরজুলি এলাকা থেকে সাতজনকে আটক করে পুলিশ।চাঁদপুর: হরতালে কচুয়ায় তিনজন, হাইমচরে একজন, ফরিদগঞ্জে দুজন ও সদর উপজেলায় জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীকে আটক করে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইলে সকালে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় তারা মহাসড়কে টায়ারে জ্বালিয়ে ও ককটেল ফাটিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৫ জন কর্মীকে আটক করা হয়েছে।ফরিদপুর: শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় সকালে একটি বাস ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। সোমবার রাতে সদর উপজেলা থেকে চারজন, বোয়ালমারীতে দুজন ও মধুখালী থেকে জামায়াতের এক কর্মীকে আটক করে পুলিশ।মাদারীপুর: শহরের রেন্ডিতলা এলাকায় সোমবার রাতে জামায়াত মিছিল বের করে। পুলিশ মিছিল থেকে জামায়াতের দুধখালী ইউনিয়ন কমিটির সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ দুজনকে আটক করে।মৌলভীবাজার: বড়লেখা ও জুড়ী উপজেলায় আজ হরতাল প্রত্যাহার করেছে জামায়াত। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিনের (৬২) জানাজার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।জামায়াতের বিবৃতি: গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সরকারের নির্যাতন ও গ্রেপ্তার অভিযান উপেক্ষা করে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে ক্ষমতাসীনদের প্রতি অনাস্থা জানিয়েছে। তিনি আজকের হরতালও সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান। পৃথক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান গতকাল বিচারকদের এক কর্মশালায় আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী কামরুল ইসলামের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান।