জামায়াতের নেতা আজহারসহ ১৮৩ আসামি ১৯ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মামলায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ মোট ১৮৩ জন আসামির ১৯ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সুনন্দ বাগচী এই রিমান্ড মঞ্জুর করেন। এর প্রতিবাদে জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জন করেছেন।পল্টন ও রমনা থানার পৃথক চারটি মামলায় ওই রিমান্ড মঞ্জুর করা হয়। দ্রুত বিচার আইন ও পুলিশের কাজে বাধা দেওয়ায় মামলা চারটি করা হয়।গতকাল সোমবার পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় আটটি মামলা করা হয়েছে। এর মধ্যে রমনা থানায় পুলিশের দায়ের করা দুটি মামলায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহসহ প্রায় ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।প্রসঙ্গত, পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে রমনা থানায় দুটি ও পল্টন থানায় দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে রমনা থানার দুটি মামলায় ১২৮ জনের এবং পল্টন থানায় দুটি মামলায় ১৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিন হাজার লোককে আসামি করা হয়।