জামায়াতের নেতা আজাহারুল গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা দুইটার দিকে রাজধানীর মগবাজারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে রমনা থানার পুলিশ।এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ টি এম আজাহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরজাহান মুক্তা বলেন, তাঁর (এ টি এম আজাহারুল) বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা জরুরি।আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন খান এর বিরোধিতা করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেন।রমনা থানার পরিদর্শক (তদন্ত) মসিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ট্রাইব্যুনালের আদেশের অনুলিপি হাতে পেয়েই এ টি এম আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে পুলিশ তাঁর বাসা ঘিরে রাখে। এ টি এম আজাহারুলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।গত বছরের ১৯ সেপ্টেম্বর কাকরাইলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সহিংস ঘটনার পর এ টি এম আজাহারুলকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পান।