জামায়াতের নেতা সুবহান গ্রেপ্তার, পাবনায় অবরোধ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে আটক করে। রাতে আবদুস সুবহানকে পাবনা জেলা কারাগারে নেওয়া হয়।এদিকে জামায়াত নেতা আবদুস সুবহানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেলে ঢাকা ও পাবনায় বিক্ষোভ হয়েছে। পাবনায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা দুই দফায় সড়ক অবরোধ করেন। এ সময় দুটি বাস ভাঙচুর করা হয়। টাঙ্গাইল পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত গোলচত্বর এলাকা থেকে আবদুস সুবহানকে আটক করা হয়। পরে তাঁকে সেতুর টোলপ্লাজা এলাকায় গাড়িতে বসিয়ে রাখা হয়। দুপুর দুইটা ৪০ মিনিটে তাঁকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়।টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, আবদুস সুবহান পাবনার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি ইউনুছ আলী মিয়া বিকেলে জানান, আবদুস সুবহানকে পাবনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পাবনার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, টাঙ্গাইল থেকে আবদুস সুবহানকে পাবনায় নিয়ে আসার খবরে বিকেল থেকে জামায়াত-শিবির নেতা-কর্মীরা জমায়েত হতে থাকেন। সন্ধ্যা ছয়টার দিকে নেতা-কর্মীরা পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলা জাফরাবাদ বাজার এলাকায় অবরোধ সৃষ্টি করেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ছিল। অবরোধের সময় সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুর চালান। এ সময় আবদুস সুবহানকে বহন করা গাড়িবহর মহাসড়কের দুলাই বাজারে আটকে পড়ে। বিক্ষোভস্থলের দুই পাশে পুলিশ অবস্থান নেয়।সন্ধ্যা সাড়ে সাতটায় অবরোধকারীরা সড়ক থেকে সরে যায়। পরে তারা মহাসড়কের জালালপুর এলাকায় আবদুস সুবহানের বাড়ির সামনে অবস্থান নেয়। রাত আটটার দিকে আবদুস সুবহানের বাড়ির ৫০০ গজ দূরে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা আবার গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশ ও র্যাব ধাওয়া করলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। রাত সাড়ে আটটার দিকে আবদুস সুবহানকে পাবনা জেলা কারাগারে ঢোকানো হয়। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিকল্প রাস্তা ব্যবহার করে আবদুস সুবহানকে পাবনা জেলা কারাগারে আনা হয়। রাজধানীতে জামায়াতের বিক্ষোভ: আবদুস সুবহানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।বিবৃতিতে মকবুল আহমাদ দাবি করেন, সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র শুরু করেছে, তার অংশ হিসেবেই সুবহানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে সম্পর্কে পুলিশ কিছুই জানাতে পারেনি। এই জুলুম দেশের জনগণ বরদাশত করবে না। জামায়াতের ভারপ্রাপ্ত আমির সরকারের নির্যাতনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।এদিকে আবদুর সুবহানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা।