ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন মামলাটি বিচারিক আদালতে বদলি করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মুখ্য মহানগর হাকিম আদালতে নথি পাঠানোরও আদেশ দেওয়া হয়েছে।কারাগারে আটক মতিউর রহমান নিজামী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী মামলার খারিজ চেয়ে আবেদন করেন। পরপর তিনটি তারিখে মামলার বাদী আদালতে হাজির না থাকার কারণ দেখিয়ে মামলা খারিজের আবেদন করেন। আদালত তা নাকচ করে মামলাটি বিচারিক আদালতে পাঠানোর আদেশ দেন।গত বছরের ২০ মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী এ মামলা দায়ের করেন।মামলার অন্য আসামিরা হলেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া।গত বছরের ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করার অভিযোগে এ মামলা করা হয়।ঢাকার মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন মামলাটি বিচারিক আদালতে বদলি করতে মুখ্য মহানগর হাকিম আদালতে নথি পাঠানোর আদেশ দেন।