জামায়াতের পক্ষে ট্রাইব্যুনালে তিনটি আবেদন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রোববার দুপুরে জামায়াতের আইনজীবীরা তিনটি আবেদন করেছেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আবেদনটি রিভিউ পিটিশন। আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে কী কী জানতে চাওয়া হবে তা জানানোর বিধান রয়েছে। এই প্রেক্ষাপটে জিজ্ঞাসাবাদের বিষয়গুলো জানানোর জন্য একটি রিভিউ আবেদন করা হয়। গত ৫ মে নিজামীকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তারা ওই জিজ্ঞাসাবাদ সম্পর্কে প্রকাশ্যে জানিয়েছেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তা ঠিক নয় (আন ল ফুল)। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদসংক্রান্ত ধারা সংশোধনের কথা রয়েছে। তা না হওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদ স্থগিত রাখার আবেদন করা হয়েছে। অন্যদিকে গত ২০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদেশে সাঈদীকে বারডেম হাসপাতালে চিকিত্সাসেবা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ট্রাইব্যুনালের নির্দেশ সত্ত্বেও তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়নি। তাই ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করায় একটি অভিযোগ করা হয়।