জামায়াতের পাঁচ শীর্ষ নেতার নেতৃত্বে ফেরা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজন শীর্ষ নেতার মুক্তি এবং দলের নেতৃত্বে ফিরে আসা নিয়ে সংশয়ে পড়েছেন জামায়াতের নীতিনির্ধারকেরা।আর তাই দলটির কেন্দ্রীয় নির্বাহী ও কেন্দ্রীয় কর্মপরিষদে চারজন করে মোট আটজন নতুন সদস্য নিয়োগ দিয়ে নেতৃত্বের শূন্যতা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার রাতে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।এত দিন পর্যন্ত জামায়াতের নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদে মোট সদস্য ছিল যথাক্রমে ১৫ ও ৫২ জন। উভয় পরিষদেরই সদস্য আছেন দলটির আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।দলটির এই পাঁচ শীর্ষ নেতা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রায় এক বছর আগে গ্রেপ্তার হন। এই এক বছর কার্যত দলটির নির্বাহী পরিষদের সদস্যসংখ্যা ছিল ১০ জন এবং কর্মপরিষদের সদস্য ৪৭ জন।এতে দলটির নীতিনির্ধারণে সংকট দেখা দেয়। দলীয় সূত্রগুলো জানায়, এত দিন গুরুত্বপূর্ণ এসব নেতার জামিনে মুক্তি পাওয়ার অপেক্ষায় ছিল দলটি। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযোগ উপস্থাপন শুরু হয়েছে। জামায়াতের অন্য নেতারা মনে করছেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে বর্তমান সরকারের মেয়াদের বাকি আড়াই বছরে এসব নেতার মুক্তি পাওয়ার চেয়ে, বরং সাজা হয়ে হওয়ার আশঙ্কা বড় হয়ে দেখা দিয়েছে। এই বাস্তবতায় দলে এসব নেতার শূন্যতা পূরণে উদ্যোগী হয়েছে জামায়াত।গতকাল নতুন সদস্য নিয়োগের ফলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের মোট সদস্যসংখ্যা দাঁড়াল যথাক্রমে ১৯ ও ৫৬ জনে।জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, শীর্ষ পাঁচ নেতা কারাগারে থাকায় এবং এ কারণে নির্বাহী পরিষদের সদস্য কার্যকর অর্থে কমে যাওয়ায় অনেক সিদ্ধান্তের ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছিল। এ কারণে নতুন করে সদস্য নিয়োগ দেওয়া হয়। তাঁরা বলেন, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাহী পরিষদে সর্বোচ্চ ২১ জন সদস্য নিয়োগ দেওয়ার বিধান আছে। কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যের বিষয়ে গঠনতন্ত্রে সুনির্দিষ্ট করে বলা নেই।কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি ও নির্বাহী পরিষদের নবনিযুক্ত সদস্য তাসনীম আলম গত রাতে প্রথম আলোকে বলেন, সংগঠনের গঠনতান্ত্রিক ক্ষমতাবলে মজলিসে শুরার পরামর্শে এই নিয়োগ দেওয়া হয়েছে।আটক শীর্ষ নেতারা আর দলে ফিরতে পারছেন না—এই আশঙ্কা থেকেই নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তাসনীম আলম বলেন, ‘সেটা তো অবশ্যই না। গতিশীল সংগঠনে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।’নতুন সদস্য: গতকাল নির্বাহী কমিটিতে নিয়োগ পাওয়া নতুন চার সদস্য হলেন: দলের দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান ও শফিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এ টি এম মাছুম। মুজিবুর রহমান প্রায় আট মাস ধরে কারাগারে আছেন অন্য একটি মামলায়।আর কেন্দ্রীয় কর্মপরিষদের নতুন চার সদস্য হলেন: কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, বগুড়া জেলা আমির শাহাবুদ্দিন, রংপুর জেলা আমির মাহবুবুর রহমান ও কোরবান আলী।নতুন এসব সদস্য নিয়োগ দেওয়ার বিষয়টি রাতে জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।