জামায়াতের পাশাপাশি মাঠে আবার বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের মুখে প্রায় এক মাস কিছুটা চুপসে থাকার পর হঠাৎ করেই রাজপথে তৎপর হয়ে উঠেছে বিএনপি। দেশজুড়ে গত কয়েক দিনের সহিংসতায় ব্যাপক প্রাণহানির সমালোচনা করে জামায়াতে ইসলামীর পাশাপাশি মাঠে নেমেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলীয় সূত্র জানায়, চলতি মার্চ মাসে এককভাবে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা নেওয়া হয়েছে।বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণ প্রজন্মের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি চাপা পড়ায় দলের শীর্ষ নেতৃত্ব গভীরভাবে উদ্বিগ্ন। এ অবস্থায় তত্ত্বাবধায়কের দাবি আবার জাগিয়ে তুলতে চলতি মাসেই মিছিল, সমাবেশ ও হরতালসহ একাধিক কঠিন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা নেওয়া হয়। তবে এ ক্ষেত্রে কৌশল হিসেবে দেশজুড়ে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির ঘটনাকে সামনে আনা হয়েছে।বিএনপির কয়েকজন নেতা বলেছেন, শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের মুখে জামায়াত থেকে আপাতত দূরত্ব বজায় রাখার যে কৌশল নেওয়া হয়েছে, তা আরও কিছুদিন চালিয়ে যাওয়া হতে পারে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এর পরও কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে দুই জোটমিত্রের মধ্যে একধরনের সমন্বয় রয়েছে। জামায়াতের ডাকা রবি ও সোমবারের হরতালের সঙ্গে জোড়া লাগিয়েই মঙ্গলবার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড তাঁর অপরাধের তুলনায় যথার্থ সাজা নয়—এ দাবি করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের নেতৃত্বে তরুণ প্রজন্ম গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে আন্দোলন শুরু করে। তারা সব মানবতাবিরোধী অপরাধীর মৃত্যুদণ্ডের পাশাপাশি জামায়াতের রাজনীতিও নিষিদ্ধের দাবি তোলে। তখন থেকে দীর্ঘদিনের মিত্র জামায়াতের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচি নেওয়া থেকে বিরত রয়েছে বিএনপি। রাজধানীতে গতকাল বিকেলে বিএনপি ও সকালে জামায়াতের আলাদা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ‘সরকারের সব অপকর্ম এবং জনগণের নির্দলীয় তত্ত্বাবধায়কের দাবি গণমাধ্যমগুলো চাপা দিয়েছে। সরকারের সঙ্গে গণমাধ্যম যতই সুর মেলাক, দেশের এবং জনগণের স্বার্থে তত্ত্বাবধায়কের দাবি এবং সরকারের অপকর্ম, দুঃশাসনের বিরুদ্ধে আমাদের নামতেই হবে।’বিএনপির একাধিক নীতিনির্ধারক মনে করছেন, ব্লগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ‘অবমাননা’ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের দণ্ডিত হওয়াকে কেন্দ্র করে গত কয়েক দিনে ব্যাপক প্রাণহানির ঘটনায় ধর্মপ্রাণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারকে চাপে ফেলা সম্ভব। এ ভাবনা থেকেই চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে খালেদা জিয়া সরাসরি গুলশানের কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন। পরদিন সংবাদ সম্মেলন করে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান তিনি। জামায়াত-শিবিরের সহিংস প্রতিবাদের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাকে বিএনপি ‘পৈশাচিক গণহত্যা’ আখ্যা দিয়ে এর জন্য সরকারকে দায়ী করে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালেদা জিয়া জামায়াতের নাম উচ্চারণ না করলেও তাঁর পুরো বক্তব্য জামায়াতের সহিংসতাকে সমর্থন করে। এতে জামায়াত লাভবান হবে। তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের তিনজন নেতার সঙ্গে কথা বললে তাঁরা এ ব্যাপারে ভিন্নমত জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘বিএনপি দেশ ও দলের বেনিফিটের (লাভের) জন্য কর্মসূচি দিয়েছে। এতে আর কে বেনিফিট পাবে, তা আমাদের দেখার বিষয় না। চুপ থেকে আমরা কি সরকারকে বেনিফিট দেব?’বিএনপির নেতারা মনে করেন, জোটের শরিক দল জামায়াতকে দমন করার পর বিএনপিকে ধরা হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের দুর্নীতিসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা হতে পারে। বিএনপি মনে করছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো আগামী কয়েক মাস টেনে নিয়ে সরকার দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন করার পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনা সফল হলে তত্ত্বাবধায়কের দাবি চাপা পড়ে যাবে। তাই সুযোগ হাতছাড়া না করে যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে রাজপথে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান দলের শীর্ষ নেতৃত্ব। সে লক্ষ্যেই গতকালের প্রতিবাদ মিছিল ও আগামী ৫ মার্চ সারা দেশে হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।