১৯৮৮ সালের ১০ জুলাই। চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ওরফে জালালের জীবনে ফিরে এসেছিল ‘একাত্তর’। তবে মুক্তিযুদ্ধে বিজয়ী হলেও সেদিন তিনি পরাজিত হন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের কাছে। বাড়িতে হামলা করে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার প্রধান আসামি জেলা জামায়াতের নায়েবে আমির লতিফুর রহমান এবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদপ্রার্থী। ২২ বছর আগের ওই হত্যার বিচার এখনো পায়নি জালালের পরিবার। উল্টো সমঝোতা করার জন্য তাদের নানা দিক থেকে চাপ ও হুমকি দিচ্ছে আসামি পক্ষ। নিহত মুক্তিযোদ্ধা জালালের পরিবার ও স্থানীয় অনেকে জানান, মামলার বাদী নিহত জালালের চাচা রফিকুল ইসলাম ও কয়েকজন সাক্ষীকে প্রলোভন দেখিয়ে সমঝোতায় রাজি করানোর চেষ্টা করছে আসামিপক্ষ। জালালের স্ত্রী-সন্তানকে দিতে চাইছে ১৫ লাখ টাকা।এ প্রস্তাব না মানলে জালালের ছেলে আমিনুল ইসলামকে পরোক্ষভাবে হত্যা ও স্ত্রী নূরজাহান বেগমকে পৌরসভার চাকরি থেকে অপসারণেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, এ পৌরসভার বর্তমান মেয়র আতাউর রহমানও জামায়াতের নেতা।জালালের স্ত্রী নূরজাহান বেগম প্রথম আলোকে বলেন, স্বামী হত্যাকারীদের সঙ্গে তিনি সমঝোতা করতে রাজি নন। মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ডার গোলাম রব্বানী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের অপকর্মের শেষ নেই। তাঁরা মুক্তিযোদ্ধা জালালসহ প্রগতিশীল আন্দোলনের অনেক কর্মীকে হত্যা করেছে। কিন্তু এসব ঘটনার বিচার হয়নি। ভয়ভীতি দেখিয়ে ও টাকা-পয়সা দিয়ে আপস করা হয়েছে। এখন আবার জালালের পরিবারের একটি অংশের সঙ্গে আপস করার চেষ্টা করছে।’উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মেয়র পদে এবার চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতের লতিফুর ছাড়া অন্য ব্যক্তিরা হচ্ছেন আওয়ামী লীগসমর্থিত মইনুদ্দিন মণ্ডল, বিএনপিসমর্থিত মাওলানা মো. আবদুল মতিন ও জাসদসমর্থিত প্রার্থী মনিরুজ্জামান।যেভাবে খুন হন মুক্তিযোদ্ধা জালাল: আশির দশকের শুরু থেকে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সঙ্গে প্রগতিশীল ও বাম সংগঠনগুলোর বিরোধ চরমে উঠে। এই বিরোধের একপর্যায়ে ১৯৮৮ সালে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা জালালকে তাঁর বাড়ি থেকে ধরে এনে কুপিয়ে হত্যা করে।জালাল হত্যার পর মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ কমান্ড একটি প্রচারপত্র বের করে। ওই প্রচারপত্র পড়ে ও নিহত জালালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, জামায়াতের সন্ত্রাসী রাজনীতির প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ ১৯৮৮ সালের ৯ জুলাই চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সমাবেশ করে। পরদিন জামায়াত-শিবিরের কর্মীরা নবাবগঞ্জ সরকারি কলেজ ও শহরজুড়ে তাণ্ডব চালায়। এরই একপর্যায়ে মিস্ত্রিপাড়ায় জাসদকর্মী টিপুর বাড়িতে হামলা করে। তখন ওই বাড়িতে থাকা টিপুর অসুস্থ বড় ভাই মুক্তিযোদ্ধা জালালকে টেনে-হিঁচড়ে বাড়ির সামনে একটি গাছের নিচে নিয়ে কুড়াল দিয়ে কোপানো হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জালাল।১৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা: ওই ঘটনার পর জামায়াতের তৎকালীন সাংসদ লতিফুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেন জালালের চাচা রফিকুল ইসলাম। হত্যার দায়ে সে সময় লতিফুরকে গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। জামায়াতের প্রার্থী লতিফুর প্রথম আলোকে জানান, মুক্তিযোদ্ধা জালাল হত্যা মামলায় তিনি দুই মাসের মতো জেল খেটেছিলেন। তাঁর দাবি, ‘এই মামলা ১৫ লাখ টাকায় মীমাংসা হয়ে গেছে।’ কে মীমাংসা করেছে জানতে চাইলে লতিফুর বলেন, ‘জালালের পরিবারের মুরব্বিরা করেছে।’জালালের স্ত্রী তো এই প্রক্রিয়ায় রাজি নয়, তাহলে মীমাংসাটা হলো কীভাবে—এ প্রশ্নে লতিফুর বলেন, ‘জালালের স্ত্রীর মাথা ঠিক নেই। সে একটা পাগল। কখন কী বলে, তার ঠিক নেই।’ তিনি বলেন, ‘এসব বুঝবেন না। আর পেপারে তুলবেন না। আইনের সমস্যা আছে।’জালালের স্ত্রী নূরজাহান বেগম ও ছেলে আমিনুর রহমান অভিযোগ করেন, মামলার বাদী জালালের চাচা রফিকুল ইসলাম ও কয়েকজন সাক্ষী জামায়াতের সঙ্গে আপস করেছেন। সাক্ষীরা আগে আদালতে যে সাক্ষ্য দিয়েছেন, এখন তার উল্টো সাক্ষ্য দিচ্ছেন। এ বিষয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বেগম বলেন, ‘আমি আসামিদের জেরা করেছিলাম, কেন তাঁরা দ্বিতীয়বার এসে উল্টো কথা বলছেন। শুনেছি তাঁরা নাকি আপস করেছেন।’ মামলার বাদী রফিকুল প্রথম আলোকে বলেছেন, তাঁর বয়স হয়েছে। এ কারণে তিনি আর আদালতে যান না।জালালের ছোট ভাই আফতাবুল ইসলাম ওরফে টিপু অবশ্য মীমাংসার কথা অস্বীকার করে বলেছেন, এসব জামায়াতের অপপ্রচার।