মুক্তিযুদ্ধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে বিএনপি সব সময় জামায়াতের বক্তব্যই বলে এসেছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট বাঁধার পর থেকে বিএনপিই জামায়াতের সব বক্তব্য দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম বাতিলের যে দাবি বিএনপি এবার করেছে, তা-ও জামায়াতেরই দাবি।বিএনপির এই বক্তব্যে বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ, তাদের এই অবস্থান ও বক্তব্য মোটেই নতুন কিছু নয়। পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তারাই আইন করে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হোক, তা তারা কখনোই চায়নি। কাজেই বিএনপির এখনকার বক্তব্য তাদের দলের নীতিগত ধারাবাহিকতারই অংশ।যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া অনেকখানি অগ্রসর হওয়ার পর বিএনপি ট্রাইব্যুনালের আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে। বলতে চাইছে, আইনটি অমানবিক। যদি তা-ই হয়, তাহলে তারা যে তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল, তার মধ্যে একবারও এই আইন পরিবর্তন কিংবা বাতিলের পদক্ষেপ নিল না কেন। তারা তো সংবিধানের মৌলিক কিছু বিষয়েও পরিবর্তন সংশোধন এনেছে। তাহলে যুদ্ধাপরাধের বিচার-সংক্রান্ত আইনটি পরিবর্তন করল না কেন।আসলে আইন, ট্রাইব্যুনালের কাঠামো—এসব নিয়ে বিএনপি যা বলছে, তার আসল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করে তাদের রাজনৈতিক মিত্র জামায়াতকে রক্ষা করা। তাই বিএনপির এ বক্তব্য বা অবস্থানকে অবশ্যই রাজনেতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে গণ্য করতে হবে। যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়াকে আরও গতিশীল করতে হবে।হারুন-অর-রশিদ: সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক সেনাপ্রধান