জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি অগণতান্ত্রিক: মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি অগণতান্ত্রিক। সরকারের জনসমর্থন নেই বলেই তারা পুলিশ-প্রশাসন দিয়ে জামায়াতের কর্মসূচিতে বাধা দিচ্ছে।চট্টগ্রামে জামায়াতের সমাবেশ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ কথা বলেন। বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুজাহিদ প্রশ্ন করে বলেন, ‘আমরা তো আওয়ামী লীগের রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি না; তাহলে তারা কেন আমাদের রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছে?’ জামায়াতের আন্দোলনের সঙ্গে বিএনপি আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপিও নির্যাতনের শিকার। আর আমরা একে অপরকে সহযোগী মনে করি। তাই নির্যাতনের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে শিগগিরই বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে।’ জামায়াতের মধ্যে কেউ কেউ যুদ্ধাপরাধের বিচার চেয়েছেন বলে যে খবর বের হয়েছে সে প্রসঙ্গে মুজাহিদ বলেন, ‘এমন খবর ভিত্তিহীন। বর্তমান সরকার “দুষ্টের দমন শিষ্টের পালন” নীতির বদলে “শিষ্টের দমন দুষ্টের পালন” নীতি অবলম্বন করছে।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম এবং ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।