জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি ২০ বিশিষ্ট নাগরিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। নাগরিক সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ এর পক্ষে গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেছেন, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর্যুপরি চারটি রায়ে বিচারকমণ্ডলী তাঁদের সুনির্দিষ্ট পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, ধ্বংসযজ্ঞ, ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের সহযোগী একটি সংগঠন হিসেবে অভিযুক্ত করেছেন। জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির স্বাধীনতার পর থেকে কেবল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভাবাদর্শের বিরোধিতা করেনি, তারা গত চার দশকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের স্বার্থবিরোধী কার্যকলাপ অব্যাহত রেখেছে। তারা মানবতাবিরোধী অপরাধের বিচারকে বানচাল করার জন্য সংখ্যালঘুদের মন্দির ও বিগ্রহ ধ্বংস, রেললাইন উৎপাটন, বিদ্যুৎকেন্দ্রে অগ্নিসংযোগসহ চরম নাশকতা সৃষ্টি করেছে। তাদের তাণ্ডবের শিকার হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও সংখ্যালঘু সম্প্রদায়। তারা ভিত্তিহীন নাস্তিক অপবাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নতকারী গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালাতে উদ্যত হয়েছে। সন্দেহাতীতভাবে জামায়াত-শিবির ধর্মের অপব্যাখ্যা ও মিথ্যাচারকে অবলম্বন করে একটি সন্ত্রাসী সংগঠনের পরিচয় বহন করছে।বিবৃতিদাতারা হলেন অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক এম হারুন-অর-রশিদ, আকবর আলি খান, অজয় রায়, কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার, মুহম্মদ জাফর ইকবাল, সারওয়ার আলী, আনোয়ারা সৈয়দ হক, জিয়াউদ্দিন তারিক আলী, শাহদীন মালিক, রানা দাশগুপ্ত, নাসিমুন আরা হক, সৈয়দ মনজুরুল ইসলাম এবং এম এম আকাশ।বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, ইতিমধ্যে জাতীয় সংসদ আন্তর্জাতিক (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩-কে সংশোধন করে যুদ্ধাপরাধী দলকেও বিচারের আওতায় এনেছে। তদুপরি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা সম্ভব। বর্তমানে জামায়াতে ইসলামীর নির্বাচনী নিবন্ধনের বিষয়ে একটি মামলা বিচারাধীন আছে। তবে বাদীর পক্ষে রায় হলেও তারা কেবল নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হবে, রাজনৈতিক দল হিসেবে নয়।বিবৃতিদাতারা বলেছেন, ‘আমরা তাই সরকারের কাছে জাতীর স্বার্থে অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করার জোর দাবি জানাচ্ছি। মৌলিকভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’ বিজ্ঞপ্তি।