রাজশাহীতে ফারুক হত্যা মামলায় জামায়াতের শীর্ষ তিন নেতার জামিন প্রশ্নে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার দুই বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করলেও কনিষ্ঠ বিচারপতি দ্বিমত পোষণ করেছেন।বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।এখন প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।জামায়াতের এই তিন শীর্ষ নেতা হলেন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদী।জানা যায়, ২০১০ সালে ছাত্রশিবিরের হামলায় ফারুক হত্যার ঘটনায় ৯ ফেব্রুয়ারি মতিহার থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় ৩০ জুন এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।এই মামলায় তাঁরা হাইকোর্টে জামিন আবেদন জানালে গত বছরের ২৬ আগস্ট আদালত রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত বিভক্ত রায় দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক, তাজুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করেন।তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করেছেন, তবে কনিষ্ঠ বিচারপতি দ্বিমত পোষণ করেছেন।