জামায়াতের শীর্ষ নেতৃত্বে বসে আছে যুদ্ধাপরাধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত কোনো ইসলামি দল নয়। এই জামায়াতে ইসলামী মানে ‘যমের হাতে ইসলাম’। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তারা ইসলামকে ব্যবহার করছে। একাত্তরের যুদ্ধাপরাধীরা এ দলের শীর্ষ নেতৃত্বে বসে আছে। গতকাল বিকেলে নগরের পল্টন ময়দানে ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ আয়োজিত সমাবেশে দেশের বিশিষ্ট আলেমরা এসব কথা বলেন। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধ, কওমি মাদ্রাসার স্বীকৃতি আদায় এবং কোরআন-সুন্নাহবিরোধী আইন না করার ওয়াদা রক্ষার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।সারা দেশ থেকে আলেম-ওলামারা সমাবেশে যোগ দেন। তাঁরা জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সমাবেশ উপলক্ষে পল্টন ময়দানের আশপাশে নিরাপত্তা জোরদার করে পুলিশ। আশপাশের ভবনগুলোতেও পুলিশকে অবস্থান নিতে দেখা যায়।বক্তারা বলেন, কেউ জামায়াতের বিরুদ্ধে কথা বললে তাঁকে আওয়ামী লীগ ও ভারতের দালাল আখ্যা দেয় জামায়াতিরা। হাফেজ্জি হুজুর যখন রাজনীতিতে নেমেছিলেন, তখন তাঁকেও ভারতের দালাল বলেছিল জামায়াত।সমাবেশের প্রধান বক্তা সংহতি পরিষদের সভাপতি মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, একাত্তরে যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের প্রায় সবাইকে জামায়াতের রাজনীতির শীর্ষ পদে দেখা যাচ্ছে। আজ সারা দেশে এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে। তিনি এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের গ্রেপ্তার দাবি করেন।মাওলানা মাসউদ বলেন, জামায়াতের বুনিয়াদ কোরআন-হাদিস নয়। তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলে তাদের বুনিয়াদ শক্ত করছে। এগুলো বাজেয়াপ্ত করতে হবে। ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে তারা যে বইগুলো বিতরণ করছে, সেগুলোও নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন জায়গায় মসজিদ-মাদ্রাসার কমিটিতেও এরা ঢুকে পড়েছে। এগুলো থেকেও এদেরকে বের করে দিতে হবে।খেলাফত আন্দোলনের আমির মাওলানা আহমদউল্লাহ্ আশরাফ বলেন, ‘জামায়াত মানে যমের হাতে ইসলাম। এদেরকে যেকোনোভাবে মোকাবিলা করা দরকার।’ মালিবাগ মাদ্রাসার অধ্যক্ষ মোহতাসিম বিল্লাহ্ বলেন, ‘মওদুদীবাদী জামায়াত তাদের জন্মস্থান ভারত ও পাকিস্তানে কোণঠাসা হয়ে পড়েছে। অথচ আমাদের ঈমানের দুর্বলতার কারণে বাংলাদেশে তারা ছড়িয়ে পড়েছে।’ ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য মোসাদ্দেক বিল্লাহ্ আল মাদানী বলেন, জামায়াতের কথা ও কাজে কোনো মিল নেই। তাদের দলের নেতৃত্বে কোনো আলেম নেই। তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ইসলামকে ব্যবহার করছে। চারদলীয় জোট সরকারের আমলে তারা ইসলামের পক্ষে কোনো কাজ করেনি। বরং সংসদে মদের দাম কমানোর পক্ষে তারা ভোট দিয়েছিল।সংহতি পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সাঈফী বলেন, জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর লেখা ২৬টি বইয়ে কোরআন, হাদিস, নবী-রাসূল ও মুসলমানদের বিরুদ্ধে লেখা হয়েছে। মহানবী (সা.) সম্পর্কে মওদুদী পাঁচ জায়গায় লিখেছেন, রাসূল (স.) নবুওয়তের হক ও জীবনের রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করেছেন। এটা কোনো মুসলমান মানতে পারে? যারা এই মওদুদীর অনুসারী, তারা কি ইসলামের দল হতে পারে?