জামায়াতের শেষ, আজ বিএনপির হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল আজ মঙ্গলবার সকাল ছয়টায় শেষ হয়েছে। এরপর আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে জোটের প্রধান শরিক বিএনপি।‘সারা দেশে গণহত্যা ও হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির’ দাবিতে জামায়াত গত রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছিল। বিএনপি হরতাল ডেকেছে ‘গণহত্যার প্রতিবাদে’। গতকাল সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের হরতাল পালনের জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।রাজধানীতে ঢিলেঢালা হরতাল: জামায়াত আহূত হরতালের দ্বিতীয় দিনে গতকাল বিকেলে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ছাড়া বড় কোনো সহিংসতা হয়নি। রাজধানীতে হরতাল হয়েছে ঢিলেঢালা। হরতাল-সমর্থকদের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে তারা বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।প্রথম দিনের হরতালের তুলনায় গতকাল নগরে যানবাহন চলেছে অনেক বেশি। জনজীবন ছিল অনেকটা স্বাভাবিক। তবে সব দোকানপাট খোলেনি। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলেনি। ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। ট্রেনে যাত্রীসংখ্যা ছিল তুলনামূলক কম।গতকালও হরতালবিরোধী মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। ১৪ দলও অনুরূপ কর্মসূচি পালন করে।বেলা দুইটার দিকে সোনারগাঁও হোটেলের কাছে সার্ক ফোয়ারা মোড়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এই হোটেলে অবস্থান করছেন সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তাঁর স্ত্রী। এ ছাড়া বাংলামোটর, দক্ষিণ কমলাপুর, মতিঝিল ও পুরান ঢাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান জামায়াত-শিবিরের কর্মীরা।কমলাপুর: বেলা ১১টার দিকে দক্ষিণ কমলাপুর জামে মসজিদের পাশের গলিতে একটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ ওই গলিতে ঢুকে ফাঁকা ছররা গুলি ছুড়লে একটি বাড়ির পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র জুনায়েদুল হক (১২) আহত হয়। তার হাত, মুখ ও গলায় বেশ কয়েকটি ছররা গুলি লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।পুলিশ দক্ষিণ কমলাপুরের একটি মেস থেকে ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে আটক ও দুটি ককটেল উদ্ধার করে। এঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইফতেখার, রবি, হেদায়েত ও বায়েজিদ।জগন্নাথ বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে ছয়টার দিকে বাংলাবাজারের লালকুঠি এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১৪-১৫ জন কর্মী যানবাহন ভাঙচুর করেন। তাঁরা একপর্যায়ে একটি ট্রাকে আগুন দিতে গেলে পুলিশ ধাওয়া করে। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কয়েকটি রাবার বুলেট ছোড়ে এবং সেখান থেকে দুজনকে আটক করে।সায়েদাবাদ-যাত্রাবাড়ী: বেলা সাড়ে ১১টার দিকে হরতাল-সমর্থকেরা ধলপুরে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করলে বাসের কর্মচারী ও এলাকাবাসীর ধাওয়ায় তারা পালিয়ে যায়।দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানা ও ডেমরা থানা আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল করে।সকালে শাহজাহানপুরে জামায়াত-শিবিরের আট-দশজন কর্মী মিছিল করে। দক্ষিণ বনশ্রীতে সড়কে বস্তা ফেলে ও আগুন ধরিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা চালান হরতালকারীরা। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মিরপুর: মিরপুরের মধ্য পীরেরবাগে সকাল সাতটার দিকে জামায়াত মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।সকাল ১০টার দিকে স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে হরতালবিরোধী মিছিল বের হয়। মিরপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান করেন।জামায়াতের বিবৃতি: এদিকে ঢাকা মহানগর জামায়াতের এক বিবৃতিতে দাবি করা হয়, গতকাল হরতাল চলাকালে দলটি নয়াবাজার-বাবুবাজার, খিলগাঁও, পল্টন, যাত্রাবাড়ী, মিরপুর, শাহজাহানপুর, আদাবর, বাড্ডা, উত্তরা, দারুসসালাম, কদমতলীসহ ৩৮টি স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করে। তাদের ২৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান পৃথক এক বিবৃতিতে হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।