জামায়াতের সঙ্গে গাঁটছড়া নেই ধর্মভিত্তিক দলগুলোর
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর সঙ্গে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক অধিকাংশ দলের আদর্শগত বিরোধ রয়েছে। চলমান কর্মসূচি নিয়েও দলটির সঙ্গে কোনো ধরনের ‘ঐক্য’ নেই বলে জানান এই ধর্মভিত্তিক দলগুলোর নেতারা।অনলাইনে লেখালেখির মাধ্যম ব্লগে কয়েকজন তরুণ ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন অভিযোগ এনে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলনের কর্মসূচি দিয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আহমদ শফির নেতৃত্বাধীন হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, খেলাফতে ইসলামী ও উলামা কমিটি উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কওমি মাদ্রাসাকেন্দ্রিক এসব দলের সঙ্গে জামায়াতের তাত্ত্বিক নেতা আবুল আলা মওদুদীর ঐতিহাসিকভাবে আদর্শগত মতবিরোধ রয়েছে। দেওবন্দি আকিদায় বিশ্বাসী কওমি ধারার আলেমরা ধর্মীয় বিষয়ে মওদুদীর কিছু ব্যাখ্যাকে ভ্রান্ত বলে মনে করেন। এ কারণে ধর্মীয় বিষয়ে কোনো ঐক্যবদ্ধ আন্দোলনে জামায়াতকে সঙ্গে নেন না কওমি ধারার ওলামা-মাশায়েখরা। তবে আন্দোলনরত অন্তত তিনটি দল বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজনৈতিক শরিক। গত শুক্রবার ধর্মভিত্তিক আটটি দলের ডাকা বিক্ষোভ মিছিল থেকে গণজাগরণ মঞ্চ ভাঙচুর, জাতীয় পতাকার অবমাননা, শহীদ মিনারে হামলা ও সহিংসতার পর সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পুরো সহিংসতায় জামায়াত-শিবিরের উসকানি ছিল। কিন্তু সরকারের এ দাবি নাকচ করে দিয়েছে এ দলগুলো। তাদের দাবি, গত শুক্রবারের বিক্ষোভ ও রোববারের হরতালের কর্মসূচি দুটি তাদের নিজস্ব, এতে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা ছিল না। তবে ভাঙচুর ও সহিংসতার সঙ্গে তাঁদের দলের কর্মীরা জড়িত নন বলে দাবি করেন দলগুলোর একাধিক নেতা। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন যে আন্দোলন করছি, এটা একান্তই ইমানি আন্দোলন। এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তা ছাড়া মুফতি আমিনীর এই দলের সঙ্গে জামায়াতের আদর্শিক বিরোধের কথা সর্বজনবিদিত।’ইসলাম ও জামায়াত এক জিনিস নয়: খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কিছু গণমাধ্যম তৌহিদি জনতার সব আন্দোলনকে জামায়াতের আন্দোলন বলে প্রচার করছে। সবার মনে রাখা উচিত, ইসলাম ও জামায়াতে ইসলামী এক জিনিস নয়।’গত রোববার মানিকগঞ্জে পুলিশের গুলিতে দলের এক নেতাসহ চারজন নিহত হওয়ার প্রতিবাদে বিজয়নগরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। ধর্মভিত্তিক দলগুলোর আন্দোলন ‘গণজাগরণ মঞ্চের’ বিরুদ্ধে কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আহমদ আবদুল কাদের বলেন, ‘যেসব ব্লগার আল্লাহ, রাসূল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লেখালেখি করেছে, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে।’ তাঁদের কর্মসূচিতে বিশৃঙ্খলার জন্য তিনি পুলিশকে দায়ী করেন।জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনারে হামলার ঘটনাকে স্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের মহাসচিব। তিনি দাবি করেন, এ আন্দোলনকে বিতর্কিত করার জন্য অনুপ্রবেশকারীরা এটা ঘটিয়েছে। জামায়াতকে যতটুকু ঘৃণা করি...: ‘জামায়াতের সঙ্গে ঐক্যের প্রশ্নই আসে না’ বলে জানিয়েছে সাতটি দলের অন্যতম খেলাফত আন্দোলন। গত রোববার বিকেলে কামরাঙ্গীরচর মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী বলেন, ‘আমরা জামায়াতকে যতটুকু ঘৃণা করি, আওয়ামী লীগও ততটুকু করে না। কারণ আমরা জানি, জামায়াতের সঙ্গে ইসলামের বিরোধটা কোথায়।’ শুক্রবারের সহিংসতায় খেলাফতের সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন মুজিবুর রহমান। খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নেতাদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে তাঁরা। তবে এ বিচার সুষ্ঠু ও নিরপেক্ষ হোক এটাই তাঁরা চান।