চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বাঁশখালী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার জানান, পুলিশ জামায়াতের উপজেলা আমির জহিরুল ইসলামসহ ১৭ জনকে আটক করেছে। তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত আরও চার পুলিশ সদস্যকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে পুলিশসহ মোট ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পুলিশ ৩০০ থেকে ৪০০টি গুলি ছুড়েছে বলে জানান তিনি। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুতমিশ বলেন, গতকাল রোববার সকালে জামায়াত-শিবিরের কর্মীরা দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বাংলাবাজার এলাকায় একটি ব্যানার টানান। প্রশাসন ব্যানারটি রোববার রাতের মধ্যে নামানোর নির্দেশ দেয়। কিন্তু জামায়াত-শিবিরের কর্মীরা ব্যানারটি নামাননি। আজ সোমবার সকালে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্যানারটি নামানোর চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চারদিক থেকে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ পিছু হটে যায়। পরে বাঁশখালী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ব্যানারটি নামিয়ে ফেলে। এর কয়েক ঘণ্টা পর আবারও পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ গুলি ছোড়ে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।