জামায়াতে ইসলামীর সব চিন্তা, পরিকল্পনা ও তৎপরতা এখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে।জামায়াতের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা আগামী নির্বাচন নিয়ে ভাবনার চেয়ে ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হওয়া দলের শীর্ষস্থানীয় ছয় নেতাকে বাঁচানোই এখন বড় করে দেখছেন। তাঁরা মনে করছেন, এ বছরের ডিসেম্বর নাগাদ ট্রাইব্যুনালে দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজারও আশঙ্কা করছেন নেতারা। আর এ আশঙ্কা মাথায় রেখে রায় ঘোষণার আগেই মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির।জানতে চাইলে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোকে বলেন, ‘সময়ের সিদ্ধান্ত সময়ে নেওয়া হবে।’ ট্রাইব্যুনালে ‘রাজনৈতিক বিচার’ হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘যেখানে সাক্ষীর কাগজপত্রে অসংগতি ও প্রতারণা ধরা পড়েছে, যে মামলায় প্রত্যক্ষদর্শী নেই, অমুকের কাছে অমুকে শুনেছে—এই বিচার তো এক দিনও চলার কথা নয়।’জামায়াত-শিবিরের একাধিক নেতা জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণার আগে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে বিক্ষোভ-সমাবেশজাতীয় কর্মসূচি দিয়ে কর্মীদের মাঠে নামানোর চিন্তা রয়েছে জামায়াতের। এতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার-সমর্থকেরা কর্মসূচিতে বাধা দেবে—এটা মাথায় রেখেই কর্মীদের রাজপথে নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য জামায়াত-শিবিরের বাছাই করা কর্মীদের সাংগঠনিক নিয়মে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত মে মাস থেকে শুরু করা এই প্রশিক্ষণ কর্মসূচিতে কর্মীদের ছোট ছোট গ্রুপে ভাগ করে মানসিকভাবে উদ্বুদ্ধ করা, রাস্তায় নামলে পুলিশের নির্যাতনসহ সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এ ছাড়া কর্মীদের ন্যূনতম ছয় থেকে এক বছরের জন্য কারাগারে থাকার মানসিক প্রস্তুতি নিতেও বলা হচ্ছে বলে জানা গেছে।জামায়াতের একটি সূত্র জানায়, গত ১১ জুন ঢাকায় অনুষ্ঠিত ১৮ দলের সমাবেশের আগে জামায়াতের ঢাকা মহানগরের ৪৭টি সাংগঠনিক থানায় পৃথক বৈঠক করেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর কমিটির গুরুত্বপূর্ণ নেতারা। এসব বৈঠকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আন্দোলনের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে পরিস্থিতির আলোকে যে কর্মসূচি দেওয়া হবে, তা বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি নিতে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘রমজানের পরপরই চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের বলা হয়েছে। নেতাদের অস্তিত্বের প্রশ্নে গণতান্ত্রিকভাবে সব কর্মপন্থাই অবলম্বন করা হবে।’বিএনপির জন্য অপেক্ষা: জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বিশ্লেষণ হচ্ছে, জামায়াত একা রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আঘাত আসবে এবং এই আঘাতে নেতা-কর্মীদের যে ক্ষয়ক্ষতি হবে, তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই এখনই মাঠে না নেমে বিএনপির জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করার পক্ষে মত দিয়েছেন অনেক নেতা। তাঁরা মনে করছেন, সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি যেভাবে জটিল করে তুলছে, তাতে একটা সময়ে বিএনপিকেও সর্বাত্মকভাবে মাঠে নামতে হবে। আর বিএনপি যদি বড় কোনো কর্মসূচি না দেয়, সে ক্ষেত্রে সেপ্টেম্বর নাগাদ জামায়াত একাই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রগুলো জানায়।তবে নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুজন নেতা আশঙ্কা প্রকাশ করেন, ‘গত সংসদ নির্বাচনের আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পুরানা পল্টনে যেভাবে জামায়াতকে রাজনৈতিক গিনিপিগ বানানো হয়েছিল, আগামী নির্বাচন ঘনাঘনি হলে আবারও সে রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ জন্য এখন থেকেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা ঠিক করতে দলের নীতিনির্ধারকেরা ভাবছেন।’