জামায়াতের সমর্থন: মন্জুরের জন্য আরেক ‘ঝামেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সমর্থন বিএনপির সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বিএনপিরই একটি পক্ষ বলছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সমর্থন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর জন্য নেতিবাচক হতে পারে। অবশ্য দলটির কোনো কোনো নেতার মতে, জামায়াত যদি নিষ্ঠার সঙ্গে কাজ করে, তবে তা মন্জুরের জন্য ভালো হবে।বিএনপির স্থানীয় সূত্রগুলো জানায়, চট্টগ্রামে বিএনপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের সমর্থকেরা জামায়াতের সমর্থনের ঘোর বিরোধী। এই অংশের নেতারা মনে করেন, জামায়াতের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকায় প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী ভোটাররা মন্জুরের থেকে মুখ ফিরিয়ে নেবেন। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থন করে, কিন্তু ঔদ্ধত্য আচরণসহ বিভিন্ন কারণে মহিউদ্দিন চৌধুরীকে পছন্দ করেন না, এমন ভোটাররা এখন আর মন্জুরকে ভোট দিতে আগ্রহী হবেন না।জানতে চাইলে মীর নাছির প্রথম আলোকে বলেন, ‘মন্জুর সাহেব আওয়ামী লীগে ছিলেন। সেখানে তাঁর ভোট আছে। হিন্দু ভোটাররাও তাঁকে পছন্দ করেন। তাই জামায়াতের কারণে তাঁদের মনোভাবে কোনো পরিবর্তন এলে সেটা ক্ষতি হবে। তবে কেন্দ্র যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, তাই তাদেরও তো একটা হিসাব-নিকাশ আছে।’অন্যদিকে চট্টগ্রামে বিএনপির আরেক প্রভাবশালী নেতা ও মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর সমর্থকেরা মনে করেন, জামায়াতের সমর্থনের কারণে বিএনপির প্রার্থীর লাভের পাল্লাই ভারী হবে।জানতে চাইলে মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে আমি সবার সমর্থন পাচ্ছি, এটাই আনন্দের। সকলে মিলে কাজ করতে চাই।’স্থানীয় জামায়াত নেতাদের দাবি, তাঁরা মন্জুরের জন্য আন্তরিকভাবেই কাজ করছেন। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির যেসব নেতা নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলেই মনে করছে জামায়াত। তিনি বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে জামায়াতের নেতা-কর্মীরা রাতদিন পরিশ্রম করছেন। এর ফলে নির্বাচনে বিএনপির ভোট বাড়বে।জামায়াতের সমর্থন বিএনপির জন্য ইতিবাচক না নেতিবাচক হবে—জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত কেন্দ্রের। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমে জামায়াত এককভাবে প্রার্থী দেয়। পরে জামায়াতের প্রার্থী আফসারউদ্দীন বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ ব্যাপারে স্থানীয় বিএনপির নেতাদের অনেকের মন্তব্য হচ্ছে, চট্টগ্রামের রাজনীতি সম্পর্কে ধারণা না থাকায় কেন্দ্র একক সিদ্ধান্তে জামায়াতকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যবস্থা করেছে।বিএনপির মহানগর কমিটির সহসভাপতি ও সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরী বলেন, জামায়াতের সমর্থন বিএনপির প্রার্থীর জন্য ভালো বা খারাপ—দুই ধরনের ফলই বয়ে আনতে পারে। এটা নির্ভর করছে জামায়াতের আন্তরিকতার ওপর। তিনি বলেন, ‘ভোটের দিন যদি জামায়াতের লোকজন ছুটি মনে করে পিকনিকে চলে না যান, তবেই বিএনপি লাভবান হবে।’বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দিন বলেন, ‘মুদ্রার এপিঠ-ওপিঠ থাকে। এর বেশি কিছু বলতে চাই না।’ জামায়াতের ভোটার কত: আগের বিভিন্ন নির্বাচনের ফলাফল খতিয়ে দেখা যায়, সর্বশেষ ১৯৯৪ সালে জামায়াত চট্টগ্রাম মহানগরে এককভাবে মেয়র নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনে দলটি প্রায় ২৯ হাজার ভোট পায়। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এরপর গত ১৬ বছরে চট্টগ্রাম মহানগরে জামায়াতের সাংগঠনিক অবস্থা শক্তিশালী হলেও আনুপাতিক হারে ওইভাবে দলটির ভোটার বাড়েনি। কেননা, দলটির মহানগরের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় এলাকায় ভোটার হয়েছেন। ওই আসন থেকে বরাবরই জামায়াতের প্রার্থী দলটির মহানগর আমির শামসুল ইসলাম নির্বাচিত হয়ে আসছেন।মহানগর বিএনপির নেতা এম এ সবুর বলেন, জামায়াতের নেতা-কর্মীরা আগে দুই জায়গায় মহানগর ও সাতকানিয়া-লোহাগাড়ায় ভোটার হতেন। কিন্তু পরিচয়পত্র হওয়ার কারণে দুই জায়গায় ভোটার হওয়ার সুযোগ নেই। তাই গত নির্বাচনের আগে দলটির মহানগরের বেশির ভাগ নেতা-কর্মী শামসুল ইসলামের সংসদীয় এলাকায় ভোটার হয়েছেন। তাই জামায়াতের যে ভোটার আছে, তা বিএনপির জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে না বলে এই নেতা মনে করেন। বিএনপির নেতাদের একাংশের দাবি, মন্জুর আলমের একটি স্বচ্ছ ভাবমূর্তি আছে। তিনি আওয়ামী লীগ ঘরনার লোক হিসেবে পরিচিত। মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালীন তিনি ১৭ বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। এসব কারণে আওয়ামী লীগের মধ্যে তাঁর ভোট আছে বলে মনে করা হয়। কিন্তু জামায়াতের কারণে এই শ্রেণীর ভোটারদের টানা কঠিন হবে। গণসংযোগ: মন্জুর আলমের সমর্থনে গতকাল বিকেলে মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের চট্টেশ্বরীর বাসভবনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা হয়। এর আগে সকাল থেকে নগরের উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ এবং আশপাশের এলাকায় গণসংযোগ করেন মন্জুর আলম। সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামসুল ইসলাম ও জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি জাহাঙ্গীর আলম। আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল সন্ধ্যায় বন্দরটিলা, ইপিজেড ও তালতলায় পৃথকভাবে গণসংযোগ করেন।