বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করে তাঁরা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সেই কর্মসূচি শান্তিপূর্ণ হবে সে রকমই ইঙ্গিত দিয়েছিলেন। এরই মধ্যে ১৯ সেপ্টেম্বর মিত্র জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধের দায়ে আটক দলীয় নেতাদের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ পালন করে। তাদের এই বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ ছিল বলা যাবে না। কাকরাইলে পুলিশ মিছিল আটকে দিলে জামায়াতের কর্মী ও ক্যাডাররা পুলিশের প্রতি অবিরাম ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপর পুলিশও তাদের ওপর চড়াও হয়ে বেধড়ক লাঠিপেটা করে। সামনে যাকে পায়, তাকেই গ্রেপ্তার করে। সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ অনেক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সোমবারের সংঘর্ষটা যে একপক্ষীয় ছিল না, আহত ব্যক্তিদের নাম-পরিচয়ই এর প্রমাণ। জামায়াতের কর্মীরা পুলিশের পাঁচটি গাড়িসহ ১৩টি গাড়িতে আগুন দিয়েছেন। জামায়াতের অনেক কর্মী নাকি মুখে কাপড় ও মাথায় হেলমেট পরে নেমেছিলেন বলে দাবি করেছে পুলিশ।২০০৬ সালে ক্ষমতা ত্যাগের পর প্রথমবারের মতো জামায়াতের এই মারমুখী আচরণ নিয়ে যখন রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই এর সমর্থনে বিএনপি সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করল। অজুহাত হিসেবে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা বলা হলেও আসল কারণ হয়তো ভবিষ্যতই বলে দেবে। সরকার রোববার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বিএনপি তাত্ক্ষণিকভাবে প্রতিবাদও জানায়। তখন হরতাল বা অন্য কোনো কর্মসূচির কথা বলা হয়নি। হরতালের ঘোষণা এল সোমবার পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষের পর পরই। ফলে মানুষের মনে ধারণা হওয়া খুব স্বাভাবিক, জামায়াতকে বাঁচাতেই বিএনপি হরতাল ডেকেছে। জামায়াতে ইসলামীর তেমন সাংগঠনিক শক্তি নেই যে সারা দেশে তারা হরতাল পালন করতে পারে। অতএব বিএনপি তাদের ত্রাতা হিসেবে আবির্ভূত হলো।বিএনপি একদিকে বলছে, সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে মানুষের কষ্ট ও দুর্ভোগ বাড়বে। অন্যদিকে তারাই হরতাল ডেকে জনজীবনকে বিপর্যস্ত করতে যাচ্ছে। এই স্ববিরোধিতা কেন?