জামায়াতের সমাবেশের অনুমতি বিষয়ে আলোচনা চলছে
জামায়াতের ইসলামীর আগামীকাল সোমবারের বিক্ষোভ সমাবেশের অনুমতির বিষয়ে প্রশাসনের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা চলছে বলে জানিয়েছেন জামায়াতের ইসলামীর ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম।সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, জনদুর্ভোগ লাঘব, দলের নেতাদের মুক্তি ও বগুড়ায় জামায়াত-শিবির কর্মীদের হত্যার প্রতিবাদে গতকাল শনিবার দলটি এক বিবৃতির মাধ্যমে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী আগামীকাল ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে সকাল ১০টায় সমাবেশ করার কথা দলটির। গতকাল এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রফিকুল ইসলাম খান নতুন করে এ কর্মসূচি ঘোষণা করেন।এদিকে প্রশাসনের পক্ষ থেকে দলটিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগ হয়ে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত মিছিল করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা আশা করি, আমরা যেখানে বিক্ষোভ সমাবেশ করতে চাই, পুলিশ সেখানে অনুমতি দেবে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারব।’ অনুমতির বিষয়ে সন্ধ্যার পর নিশ্চিত খবর জানা যাবে বলে তিনি জানান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কাল সোমবারের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিলে আবার হরতাল দিতে পারে জামায়াত। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের দুই নেতা আবদুল কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সম্ভাব্য রায়কে কেন্দ্র করে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি।