জামায়াতের সহিংসতা উদ্দেশ্যমূলক: পরিকল্পনামন্ত্রী
গত সোমাবার রাজধানীতে জামায়াতে ইসলামীর সহিংসতাকে উদ্দেশ্যমূলক বলে আখ্যায়িত করেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।আজ শনিবার সকালে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কে খন্দকার এ কথা বলেন। সেক্টর কমান্ডারস ফোরাম এ সভার আয়োজন করে।মন্ত্রী বলেন, ‘ওই ঘটনায় তাঁদের প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধ মামলায় যাঁরা সাক্ষী হচ্ছেন, তাঁদের ভয় দেখানো। তাঁদের এটা বোঝানো যে সাক্ষী দিলে তোমাদেরও বিপদ আছে।’যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এ অবস্থায় সাক্ষীদের দৃঢ়মনা হতে হবে। আর সরকারের উচিত সাক্ষীদের নিরাপত্তার জন্য সাহায্য করা।’এ কে খন্দকার সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, ‘এ সরকার থাকতেই যদি যুদ্ধাপরাধীদের বিচার না হয়, তাহলে আর বিচার হবে না। বরং যাঁরা যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁরা বেঁচে থাকতে পারবেন কি না, সন্দেহ আছে।’মতবিনিময় সভায় অংশ নিয়ে আলোচকেরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধীরগতি, ট্রাইব্যুনালকে শক্তিশালী করার বিষয়ে সরকারের অমনোযোগিতা এবং ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কর্মদক্ষতা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন।সভায় সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, সাধারণ সম্পাদক লে. জে. (অব.) হারুন উর রশিদ বক্তব্য দেন।সাংবাদিকদের মধ্যে অংশ নেন ডেইলি ইনডিপেনডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, সাংবাদিক আবেদ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ডেইলি স্টারের শাহ হোসেন ইমাম, সমকালের আবু সাঈদ খান প্রমুখ।