আহত পুলিশ সদস্যের মৃত্যু, বিভিন্ন স্থানে ১৪৪ ধারা, দেশজুড়ে উদ্বেগ, আতঙ্ক
জামায়াতের সহিংসতায় নিহত আরও ৩
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশব্যাপী দলটির সহিংসতা অব্যাহত আছে। গতকাল শুক্রবারও দলটির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন জায়গায়। জয়পুরহাট, বাগেরহাট ও লক্ষ্মীপুরে হামলা করা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে। গতকাল সহিংসতায় নিহত হয়েছেন তিনজন। গত বৃহস্পতিবার নিহত হয়েছিল ৩৭ জন। ফলে ২৪ ঘণ্টার মধ্যে ৪০ জন মারা গেল এই ঘটনায়। এতে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে জনমনে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-আতঙ্ক। সহিংসতা এড়াতে বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে পুলিশ ও র্যাবের পাশাপাশি টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃহস্পতিবার পুলিশ তদন্তে কেন্দ্রে হামলা চালিয়ে তিন কনস্টেবলকে পিটিয়ে হত্যার পর গতকাল সেখানে এক আওয়ামী লীগ কর্মীসহ দুজনকে পিটিয়ে হত্যা করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ ছাড়া আগের দিনের হামলায় আহত এক কনস্টেবল বৃহস্পতিবার রাতে মারা গেছেন।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। সেখানে আহত হয়েছেন সাংবাদিকসহ আরও পাঁচজন। এ ছাড়া রাজশাহীতে গতকাল দুপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় দুই সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।দিনাজপুরের খানাসামা উপজেলার পাকেরহাটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান আজম চৌধুরীর বাসভবনে গতকাল বেলা তিনটার দিকে হামলা চালায় জামায়াত-শিবির। হামলাকারীরা বাড়িতে লুটপাট চালায়। আসবাব এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। একই সময় জামায়াত-শিবিরের কর্মীরা পাকেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের পাঁচটি দোকান এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁসড়া গোবিন্দপুর গ্রামের আবেদ আলী, অরুণ কবিরাজের বাড়িসহ একাধিক বাড়ি ও দোকানপাটে গতকাল বিকেল চারটার দিকে হামলা চালায় জামায়াত-শিবির। তারা লাঠিসোঁটা, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং চার কর্মকর্তাসহ ১২ পুলিশ সদস্য। কুসুম্বা ইউনিয়নে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।নরসিংদী শহরের চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া শাকুরঘাট এলাকায় গতকাল দুপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পরে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।কক্সবাজারের কতুবদিয়ায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপজেলা পরিষদে হামলা চালান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, এলজিইডি কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ অন্তত ১১টি সরকারি দপ্তরে ভাঙচুর ও লুটপাট হয়। উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১০টার দিকে হামলা করা হয় কুতুবদিয়া থানা ও আদালত ভবনে। এরপর পার্শ্ববর্তী তিনটি মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।গতকাল সকাল আটটার দিকে শিবিরের কর্মীরা কতুবদিয়া উপজেলার চরাপাড়া এলাকায় রাস্তায় বালুরবস্তা ফেলে ব্যারিকেড দিলে বিকেল পাঁচটা পর্যন্ত পেকুয়া-চকরিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। কুতুবদিয়া ও পেকুয়ায় গতকাল বেলা তিনটা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন।কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া, সাতকানিয়া, চুনতি, আধুনগর, আমিরাবাদ এলাকায় গতকাল সকাল আটটার দিকে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে জামায়াত-শিবির। এ সময় তারা ১০-১২টি গাড়ি ভাঙচুর করে এবং লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়। এর পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।বান্দরবান-কেরানিহাট-চট্টগ্রাম সড়কে গতকালও কোনো যানবাহন চলাচল করতে পারেনি। জামায়াত-শিবির সাতকানিয়ার কেরানিহাট ও বাজালিয়া এলাকায় সড়ক বন্ধ করে দেওয়ায় দুদিন ধরে সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সৈয়দপুর বাজারে অবস্থিত জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা চালায় জামায়াত-শিবির। তারা কার্যালয়ের দরজা-জানালা ও আসবার ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার থেকে আটগ্রাম পর্যন্ত এলাকায় তাণ্ডব চালিয়ে ২০-২৫টি যানবাহন ভাঙচুর করে এবং সুতাবাহী একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এ ছাড়া সুজাতপুর এলাকায় সন্ধ্যায় দুটি গাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির।সুন্দরগঞ্জে দুজনকে পিটিয়ে হত্যা: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গংসারহাট বাজারে আওয়ামী লীগের কর্মী শরিফুল ইসলামের (২৫) পানের দোকানে হামলা চালান। তাঁরা শরিফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শরিফুলকে বাঁচাতে এগিয়ে এলে জামায়াত-শিবিরের কর্মীরা গংসারবাজার এলাকার সাজু মিয়া (৩০) ও ফুল মিয়া নামের দুই ব্যক্তিকে মারপিট করেন। তাঁদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাজু মিয়া।নিহত শরিফুলের বাড়ি উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামে। তিনি ওই গ্রামের লাল হকের ছেলে। শরিফুল ইসলাম দলীয় সদস্য ছিলেন বলে জানিয়েছেন শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরজিৎ কুমার।শরিফুল নিহত হওয়ার পর গংসারহাট বাজারে মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি বাজার প্রদক্ষিণ করার সময় আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আগের দিন উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে জামায়াত-শিবিরের হামলায় আহত কনস্টেবল তোজাম্মেল হক বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে সেখানে হামলায় চারজন কনস্টেবল নিহত হলো।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহর ও আশপাশের এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব।শিবগঞ্জে আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষ: জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে গতকাল বেলা ১১টার দিকে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আবদুর রহিম নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি উপজেলার নামোধোবড়া গ্রামে। তিনি জামায়াতের কর্মী বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। সংঘর্ষে নুরতাজ আলম নামের একজন স্থানীয় সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।এ ছাড়া শিবগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী এমদাদুল বাড়িতে গতকাল হামলা ও লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবির। শিবগঞ্জে বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার পর থেকে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রায় ৪৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন আছে।রাজশাহীতে দুই সাংবাদিক গুলিবিদ্ধ: প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের কর্মীরা নগরের বিনোদপুর বাজার থেকে মিছিল নিয়ে রাজশাহী-নাটোর সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপরে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একপর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মেহেদী হাসান ও চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরাম্যান তারেক মাহমুদ গুলিবিদ্ধ হন। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।চৌদ্দগ্রামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার থেকে আটগ্রাম পর্যন্ত এলাকায় ২০-২৫টি যানবাহন ভাঙচুর করেন এবং সুতাবাহী একটি ট্রাকে আগুন লাগিয়ে দেন। জানা গেছে, থানার অধিকাংশ পুলিশ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোঠা এলাকায় রেলপথমন্ত্রী মুজিবুল হকের সভার নিরাপত্তায় নিয়োজিত থাকার সুযোগে জামায়াত-শিবির এ হামলা চালায়।অন্যান্য স্থানে ১৪৪ ধারা: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের চণ্ডীদাসগাঁতী বাজার ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার মহাসড়কের কড্ডার মোড় এলাকা এবং জেলা শহরের মুক্তির সোপান, বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার, কাজীপুর মোড়, বড়বাজার, কেন্দ্রীয় জামে মসজিদের আশপাশের এলাকা এবং রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। একই সঙ্গে জেলার রায়গঞ্জ পৌরসভা, সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকা, তাড়াশ উপজেলার নওগাঁ শাহ শরিফ জিন্দানী (র.) মাজার এলাকা, নওগাঁ বাজার, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাসস্ট্যান্ড, উল্লাপাড়া উপজেলা সদর ও তাড়াশ উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়।কুষ্টিয়া শহর এবং জেলার মিরপুর, ভেড়ামারা, কুমারখালী ও দৌলতপুর উপজেলা এবং খোকসা পৌর এলাকায় গতকাল ১৪৪ জারি করে প্রশাসন। বেলা দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এ ধারা বলবৎ থাকে।