চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ
জামায়াতের সাংসদ ও বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে ছয়টি মামলা
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও নগর জামায়াতের আমির সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ অন্তত আড়াই হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। গত রোববার গভীর রাতে কোতোয়ালি থানায় চারটি এবং খুলশী থানায় দুটি মামলা হয়েছে। রোববার বিকেলের ঘটনায় দায়ের করা এসব মামলার পাঁচটিতে বাদী হয়েছে পুলিশ। অপর মামলাটির বাদী আমিন সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি। রোববারের ঘটনার পর আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে এ পর্যন্ত ২৮ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালির মামলা চারটিতে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ প্রায় এক হাজার ৮০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে দুটি দ্রুত বিচার আইনে এবং অপর মামলা দুটিতে পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধাদানের অভিযোগ আনা হয়। কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজনীন সুলতানা চারটি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ও উপপরিদর্শক (এসআই) মো. জাফর পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দুটি করেছেন।’ অপর মামলা দুটির বাদী এসআই শাহ আলম ও এএসআই রফিক। জানা গেছে, দ্রুত বিচার আইনের মামলা দুটিতে ২৩ জনের নাম উল্লেখ করে ৩০০-৪০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা দুটিতেও ২৩ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। অপরদিকে খুলশী থানার এসআই ওয়ালিউদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া লালখান বাজারের আমিন সেন্টার ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।