জামায়াতের সাংসদসহ আড়াই হাজারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। নগরের উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও চট্টগ্রাম নগর জামায়াতের আমির সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ অন্তত আড়াই হাজার জনের বিরুদ্ধে এসব মামলা হয়।গতকাল রোববার গভীর রাতে কোতোয়ালি থানায় চারটি ও খুলশী থানায় দুটি মামলা হয়েছে। গতকাল বিকেলের ঘটনায় করা এসব মামলার পাঁচটিতে বাদী হয়েছে পুলিশ। অপর মামলাটির বাদী হয়েছেন আমিন সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি। গতকাল বিকেলে ঘটনার পর আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে এই পর্যন্ত ২৮ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।কোতোয়ালির মামলা চারটিতে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর জামায়াতের আমীর আ ন ম শামসুল ইসলামসহ প্রায় এক হাজার ৮০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে দুটি দ্রুত বিচার আইনে এবং অপর মামলা দুুটিতে পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজনীন সুলতানা চারটি মামলা করার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই হারুনুর রশিদ ও মো. জাফর পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দুটি করেছেন। অপর মামলা দুটির বাদী এসআই শাহ আলম ও এএসআই রফিক।জানা গেছে, দ্রুত বিচার আইনের মামলা দুটিতে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০-৪০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা দুটিতেও ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ ব্যক্তিকে আসামি করা হয়।খুলশী থানার এসআই ওয়ালিউদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।এ ছাড়া লালখান বাজারের আমিন সেন্টারে ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।গতকাল বিকেলে নগরের কাজী দেউড়ি, নাসিমন ভবন ও এনায়েত বাজার এলাকায় বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছে শতাধিক। পুড়িয়ে দেওয়া হয় চারটি যানবাহন এবং ভাঙচুর করা হয় শতাধিক।