জামায়াতের সাত নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সেপ্টেম্বরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে করা দুটি মামলায় জামায়াতে ইসলামীর সাত নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক দুটি আদালত আজ রোববার এ আদেশ দেন।সাত আসামি হলেন, সাংসদ হামিদুর রহমান আজাদ, এ কে এম নাজির আহমেদ, মওলানা এ টি এম মাসুম, রফিউদ্দিন আহম্মেদ, রফিকুন্নবী, মওলানা আবদুল মান্নান ও আবদুর রহমান মুসা। আজ আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পল্টন থানার মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ও রমনা থানার মামলায় মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আদালতকে বলেন, গত ২৬ অক্টোবর আসামিদের পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আইনজীবীরা আরও বলেন, আসামিদের নাম এজাহারে থাকলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাইকোর্টের নির্দেশ মোতাবেক জামিনের আবেদন করেছেন।