জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আযাদসহ সাত নেতাকে গতকাল রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর পল্টন ও রমনা থানা এলাকায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দুটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।এই সাতজন গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে অপর ছয়জন হলেন: এ কে এম নাজির আহমেদ, মওলানা এ টি এম মাসুম, রফিউদ্দিন আহম্মেদ, রফিকুন্নবী, মওলানা আবদুল মান্নান ও আবদুর রহমান মুসা।সাংসদ হামিদসহ জামায়াতের এই সাত নেতা প্রথমে পল্টন থানার মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে এবং পরে রমনা থানার মামলায় হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে জামিনের আবেদন করেন।আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আদালতে বলেন, গত ২৬ অক্টোবর আসামিদের পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আদালতে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন।আইনজীবীরা বলেন, আসামিদের নাম এজাহারে থাকলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জামিনের আবেদন করেছেন। হাইকোর্ট থেকে জামিনে থাকা অবস্থায় জামিনের অপব্যবহার করেননি। তাই তাঁরা জামিন পেতে পারেন।রাষ্ট্রপক্ষে উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ জামিনের বিরোধিতা করে আদালতে বলেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাঁরা ঘটনার দিন পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। ওই ঘটনার ইন্ধনদাতা হিসেবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এ ধরনের কোনো অভিযোগ এজাহারে নেই। মামলা দুটি তদন্তাধীন। দ্রুত বিচার আইনের মামলায় তাঁদের নাম নেই।আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক, মসিউল আলম, সানাউল্লাহ মিয়া, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা খান প্রমুখ।১৯ সেপ্টেম্বর কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় ১২ নেতাসহ দুই-তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে রমনা ও পল্টন থানায় নয়টি মামলা হয়। এর মধ্যে পাঁচটি মামলা করে পুলিশ এবং অপর চারটি করেন ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা। ওই দিন সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩৩৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রমনা ও পল্টন থানার দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।