জামায়াতের সাত নেতা দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আজাদসহ সাতজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন অধ্যাপক এ কে এম নাজির আহমেদ, মওলানা এ টি এম মাসুম, রফিউদ্দিন আহম্মেদ, রফিকুন্নবী, মওলানা আবদুল মান্নান ও আবদুর রহমান মুসা।ডিবি পুলিশ আজ জামায়াত নেতাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১১ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামায়াতের এই সাত নেতাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর ১২ কেন্দ্রীয় নেতাসহ দুই-তিন হাজার নেতা-কর্মীতে আসামি করে নয়টি মামলা করা হয়। রাজধানীর রমনা ও পল্টন থানায় এসব মামলা হয়। এর মধ্যে পাঁচটি মামলার পুলিশ এবং চারটি মামলা ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা দায়ের করেন। সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩৩৫ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন নয়টি মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার করা ১৮৩ জনকে ১৯ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রমনা ও পল্টনের দুটি মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।