বোমা উদ্ধারের দাবি পুলিশের, জামায়াতের দাবি ‘নাটক’
জামায়াতের সাবেক এক সাংসদসহ ২০ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে জামায়াতে ইসলামীর সাবেক এক সাংসদসহ ২০ নেতা-কর্মীকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতের একটি কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তাকৃত ব্যক্তিদের কাছ থেকে বোমা তৈরির উপকরণ, বোমাজাতীয় বস্তু ও প্রচুর জিহাদি বই উদ্ধার করা হয়েছে।তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দাবি, পুলিশ তাঁদের গ্রেপ্তার করে বোমা দিয়ে নাটক সাজিয়েছে। সংগঠনের নিহত এক কর্মীর পরিবারকে সহানুভূতি জানাতে তাঁরা জড়ো হয়েছিলেন। তাঁদের কাছে বোমা বা বোমা তৈরির উপকরণ থাকার প্রশ্নই ওঠে না।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী-১ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান (৫৬), খুলনা মহানগর শাখার নায়েবে আমির শফিকুল আলম (৫৭), মিরপুর থানা (পশ্চিম) কমিটির আমির মাহফুজুর রহমান (৩৭), কর্মপরিষদের সদস্য তাজিরুল ইসলাম (৫৮), ১২ নম্বর ওয়ার্ড (উত্তর) শাখার সভাপতি নাজমুল হাসান (৩৮), ১২ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ) সভাপতি এ কে এম রোকন উদ্দিন (৪২), ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ টি এম রাফি উদ্দিন (৫৮), কর্মী হেমায়েত উদ্দিন (৪০), হারিজ মোহাম্মদ (৪৩), সদস্য মোস্তাফিজুর রহমান (৬০), আবদুল করিম (৬২), আহসান উল্লাহ পাটোয়ারী (৬২), আবদুল্লাহ আল নোমান (৩৪), মনিরুল ইসলাম (২৮), ইদ্রিস খান (২০), ইয়াসিন (২৪), এস এম আবদুল বারী (৫৯), অফিসকর্মী রুহুল আমিন (২৮), মোয়াজ্জেম হোসেন (৪০) ও জামায়াতের নিহত কর্মী হাবিবুর রহমানের এসএসসি পড়ুয়া ছেলে রুবেল মৃধা (১৬)।পুলিশ জানায়, মিরপুর ১ নম্বরের কলওয়ালাপাড়ার ১/১২/জি বাড়ির দোতলা থেকে বেলা সাড়ে ১১টার দিকে ওই ২০ জনকে গ্রেপ্তার করা হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, পুলিশের কাছে খবর ছিল, মিরপুরের একটি বাসায় গোপন সভা করছেন জামায়াতের একদল নেতা-কর্মী। পরে পুলিশ কলওয়ালাপাড়ার ওই বাসা থেকে ২০ জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ইংরেজি ওয়াই আকৃতির ছয়টি বস্তু (যেগুলোকে বোমা বলে সন্দেহ করা হচ্ছে), বোমা তৈরির কিছু উপকরণ, প্রচুর জিহাদি বই, কয়েকটি লাঠি, ব্যানার ও জামায়াতের লিফলেট উদ্ধার করা হয়েছে।যেগুলোকে বোমা তৈরির উপকরণ বলা হচ্ছে, তার মধ্যে রয়েছে ব্রিটিশ আমলের এক রুপির কয়েকটি মুদ্রা ও হোমিও ওষুধের মতো ছোট সাদা দানাদার বস্তু। মুদ্রার গায়ে লেখা ১৯০৬ সাল, রাজা এডওয়ার্ড সপ্তম। পুলিশ জানিয়েছে, এগুলো বোমা তৈরির কাজে লাগে। এ ছাড়া বৈদ্যুতিক তার, টর্চলাইট, সেফটিপিন, মশার কয়েলের স্ট্যান্ড, ল্যাপটপ, চাঁদা আদায়ের রসিদ, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০০৭ সালে বৃত্তিপ্রাপ্তদের তালিকা উদ্ধার করা হয়।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, ওই বাসায় বৈঠকরত অবস্থায় জামায়াতের নেতা-কর্মীদের আটক করা হয়। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে প্রচুর ধর্মীয় ও জিহাদি বই এবং বোমা তৈরির উপাদানসদৃশ কিছু বস্তু পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের গোপন বৈঠকের উদ্দেশ্য ও বোমা তৈরির সরঞ্জাম মজুদের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।বিকেলে সাবেক সাংসদ মজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান, আবদুল্লাহ আল নোমান ও শফিকুল আলমকে জিজ্ঞসাবাদের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।কলওয়ালাপাড়ার ওই বাসায় গিয়ে জানা যায়, জামায়াতের মিরপুর শাখার আমির মাহাফুজুর বাসাটি ভাড়া নিয়েছিলেন। এটি দলের মিরপুরের কার্যালয় ও পাঠাগার হিসেবে ব্যবহূত হতো। এখানে রাতে কয়েকজন অফিসকর্মী থাকতেন। দিনে বিভিন্ন সময়ে নেতা-কর্মীরা আসতেন। গতকাল দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে তাঁরা সেখানে যান।গ্রেপ্তার হওয়া মজিবুর রহমান বলেন, তাঁরা ২০০৬ সালে পল্টনে জামায়াতের নিহত কর্মী হাবিবুর রহমানের পরিবারকে সান্ত্বনা দিতে এবং একটি দোয়া অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। সেখানে কোনো গোপন বৈঠক হচ্ছিল না। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। থানায় এসে তাঁরা দেখতে পান, ‘বোমা’ বলে কিছু জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। তিনি বলেন, ‘আমাদের যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, এই বস্তুগুলো ওই বাসা থেকে উদ্ধার করা হয়নি। কারণ তল্লাশি করে কী পাওয়া গেছে তা আমাদের জানানো হয়নি।’এদিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দাবি করেন, গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের কাছে কোনো বোমা ছিল না। গ্রেপ্তারের পর পুলিশ তাঁদের হাতে বোমা ধরিয়ে দিয়েছে।