জামায়াতের সাবেক নেতা, চার পাকিস্তানিসহ ১৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সাবেক এক নেতার নেতৃত্বে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ, আল্লাহর দল ও হরকাতুল মুজাহিদীনের নেতা-কর্মীরা। সংগঠিত হওয়ার পর হরকাতুল জিহাদের ব্যানারে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা, কিছু স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল তাঁদের। আর প্রাথমিকভাবে বিদেশি গোয়েন্দা সংস্থার এক ব্যক্তির মাধ্যমে তাঁদের আর্থিক সহায়তা করছিলেন পাকিস্তানি কয়েকজন নাগরিক।রাজধানীর মিন্টো রোডে গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা এমনটাই দাবি করে বলেছেন, জঙ্গিদের এসব পরিকল্পনা ও চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন তাঁরা। গ্রেপ্তার করেছেন চার পাকিস্তানিসহ ১৬ জনকে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফরিদ উদ্দিন আহাম্মদ, ফরিদ উদ্দিন মাসুদ, মিজানুর রহমান, মাহফুজুর রহমান, মো. মোস্তফা, মামুনুর রশিদ, তাঁর স্ত্রী ডলি আক্তার, আবুল বাশার, রেজাউল করিম, রোকসানা বেগম, আবদুল খালিদ ওরফে আবদুল মান্নান, সজল, সায়িদ উদ্দিন, মোহাম্মদ ফারহান, রুবিনা বেগম ও নারগিস আক্তার। শেষের চারজন পাকিস্তানি নাগরিক।ডিবির ভাষ্য, গত শুক্রবার বেলা দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত কাঁঠালবাগান, পল্টন ও খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আটটি হাতবোমা, প্রায় দেড় কোটি ভারতীয় জাল রুপি, পাকিস্তানি ও বাংলাদেশি সাতটি পাসপোর্ট, ধর্মভিত্তিক বই, মুঠোফোনসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।তবে প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ফরিদ উদ্দিন আহাম্মদের পরিবারের দাবি, ১৮ দিন আগে ঢাকার একটি মসজিদ থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি।সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিন আহাম্মদ চক্ষু চিকিৎসক ও জামায়াতের সাবেক নেতা। তিনি জামায়াতের রাজনীতি ছেড়ে ২০১২ সালের শেষের দিকে আল্লাহর দল, হরকাতুল জিহাদ, হরকাতুল মুজাহিদীনের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ শুরু করেন। হরকাতুলের জিহাদের সদস্য আফগানিস্তানফেরত ফরিদ উদ্দিন মাসুদ এবং শিবিরের সাবেক কর্মী ও আল্লাহর দলের সদস্য মিজানুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ফরিদ উদ্দিন আহাম্মদের তত্ত্বাবধানে বাকিরা জঙ্গি তৎপরতা শুরু করার প্রস্তুতি নিতে থাকেন। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার ওপর হামলা এবং ব্যাংক ডাকাতি করে অর্থ সংগ্রহ করার পরিকল্পনা করতে থাকেন তাঁরা। ওই অর্থ দিয়ে অস্ত্র কিনে সশস্ত্র জিহাদের প্রস্তুতিও নিচ্ছিলেন তাঁরা। একত্র হয়ে হরকাতুল জিহাদের ব্যানারে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা ছিল তাঁদের।গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিকের যোগসূত্র সম্পর্কে মনিরুল বলেন, ফরিদ উদ্দিন আহাম্মদসহ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রাথমিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টাসহ বিভিন্ন খাতে অর্থায়ন করে ফরিদ উদ্দিন আহাম্মদকে সহযোগিতা করছেন পাকিস্তানি কয়েকজন নাগরিক। ওই নাগরিকেরা এ দেশে জাল টাকার ব্যবসা করে অর্জিত আয়ের একাংশ ফরিদ উদ্দিন আহাম্মদের পরিকল্পনা খাতে দিতেন। ফরিদ উদ্দিন আহাম্মদের দল ও পাকিস্তানিদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করেছেন পাকিস্তানফেরত আবদুল খালিদ। প্রথমে পল্টন এলাকা থেকে খালিদ ও তাঁর সঙ্গে সজলকে গ্রেপ্তার করা হয়। পরে বংশালের একটি হোটেল থেকে ওই পাকিস্তানিদের গ্রেপ্তার করা হয়।ডিবির এক কর্মকর্তা দাবি করেন, আবদুল খালিদ দীর্ঘদিন পাকিস্তানের করাচিতে ছিলেন। তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার লোক হিসেবে দেশে কাজ করছেন। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অনেকের স্বজনেরা পাকিস্তানে থাকেন।ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কলাবাগান, খিলক্ষেত ও বংশাল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। সংবাদ সম্মেলনের পর গতকাল দুপুরে তাঁদের ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়। কলাবাগানের কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার হওয়া ফরিদ উদ্দিন আহাম্মদ, ফরিদ উদ্দিন মাসুদ, মিজানুর রহমান ও মাহফুজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বংশাল থেকে গ্রেপ্তার হওয়া পাকিস্তানি চার নাগরিককে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খিলক্ষেত থেকে গ্রেপ্তার হওয়া নারীদের দুই দিনের ও পুরুষদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিন মামলায় আদালতে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।