আসামিপক্ষের জেরায় সাক্ষী মুনতাসীর মামুন
জামায়াতের সিংহভাগ রাজাকার আলবদরে রূপান্তরিত হয়েছিল
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুনকে গতকাল মঙ্গলবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। জেরায় তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে জামায়াতের সিংহভাগ সদস্য শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামসে রূপান্তরিত হয়েছিলেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মুনতাসীর মামুনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। গত ১ জুলাই মুনতাসীর মামুন জবানবন্দি দেন। পরবর্তী তিন দিনেও জেরা শেষ না হওয়ায় তাঁকে সুবিধামতো সময়ে জেরার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী গতকাল তাঁকে অসমাপ্ত জেরা শেষ করে আসামিপক্ষ।জামায়াতের কি কোনো প্রকাশনা সংস্থা আছে—এ প্রশ্নের জবাবে মুনতাসীর মামুন বলেন, ‘যত দূর জানি, পাকিস্তানে জামায়াতের প্রকাশনা সংস্থা আছে। বাংলাদেশেও আছে, দৈনিকসংগ্রাম জামায়াতের মুখপত্র।’ পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামসকে আলাদা ধরা হলেও এসব বাহিনীর সদস্যদের সিংহভাগই জামায়াতের সদস্য ছিলেন।এরপর মিজানুল ইসলাম মত (সাজেশন) দেন, ‘শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্য কত ছিল, এ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এ জন্য জামায়াতের সিংহভাগ সদস্য এসব বাহিনীর সঙ্গে যুক্ত ছিল—এ বক্তব্য অসত্য।’ সাক্ষী বলেন, ‘আমি আপনার এ বক্তব্যের সঙ্গে একমত নই। জামায়াতের নেতারা কখনো তাঁদের সঠিক সংখ্যা বলেননি।’ সাক্ষীর এ বক্তব্যে আপত্তি জানিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘প্রশ্নের জবাব সঠিকভাবে আসেনি। জামায়াতের নেতারা কেন সংখ্যা বলতে যাবেন?’ মুনতাসীর মামুন বলেন, ‘জামায়াতের নেতারা যদি সংখ্যা প্রকাশ করতেন, তাহলে বোঝা যেত সেটা মোট সংখ্যার সিংহভাগ কি না। যতক্ষণ পর্যন্ত এ সংখ্যা তাঁরা প্রকাশ না করছেন, ততক্ষণ আমার বক্তব্য সঠিক বলে ধরে নিতে হবে।’ তবে এ ব্যাখ্যা সাক্ষ্য হিসেবে সংরক্ষণ করেননি ট্রাইব্যুনাল।কিন্তু মিজানুলের আপত্তির বিষয়টি উল্লেখ করা হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, আসামিপক্ষের আপত্তিতে রাষ্ট্রপক্ষের আপত্তি আছে। সাক্ষ্যে এটাও উল্লেখ থাকতে হবে। ট্রাইব্যুনাল বলেন, সাক্ষ্যের যত জায়গায় আসামিপক্ষের আপত্তি থাকবে, ধরে নেওয়া হবে, তাতে রাষ্ট্রপক্ষেরও আপত্তি আছে।মিজানুল মত দেন, ‘আপনার রাজনৈতিক আদর্শ ও বিশ্বাস থেকে আপনি জামায়াতের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং জামায়াতের নেতাদের বিরুদ্ধে অসত্য প্রচারণা চালাচ্ছেন।’ এতে মুনতাসীর মামুন বলেন, ‘আমার রাজনৈতিক আদর্শ কী, আপনি বলেন। না বললে আমি জবাব দেব না।’ পরে আইনজীবী মত দেন, মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম আযমের কর্মকাণ্ড ছিল পুরোটাই রাজনৈতিক। রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ‘গণহত্যা, লুট, ধর্ষণ যদি রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হয়, তবে আপনার বক্তব্য সত্য।’ মিজানুল মত দেন, মুক্তিযুদ্ধকালে গোলাম আযম হত্যা, লুট বা ধর্ষণের সঙ্গে জড়িত ছিলেন না। সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরা শেষে এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।মিছবাহুর রহমানকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মিছবাহুর রহমান চৌধুরীকে গতকালও জেরা শেষ করতে পারেনি আসামিপক্ষ। গতকাল প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুরকে জেরার পরবর্তী দিন ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।