জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার তারিখ প্রকাশের পরই হরতালের ঘোষণা দেয় জামায়াত। এদিকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন দল ও সংগঠন এ হরতাল প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন সাঈদীর বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় দেওয়া হবে। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ কথা ঘোষণার পর সরকারের ‘ইসলামবিরোধী কর্মকাণ্ড’ ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের প্রতিবাদ এবং সাঈদীর মুক্তির দাবিতে হরতাল আহ্বান করে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কথা ঘোষণা করেন। এর আগে ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে রায়ের দিনও হরতাল দিয়েছিল জামায়াত।গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার গতকাল মতিঝিলের সমাবেশে দেওয়া বক্তব্যে দেশবাসীর প্রতি হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানান। তিনি সব অফিস-আদালত, ব্যাংক, বিমা ও স্কুল-কলেজ খোলা রাখতে বলেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক যৌথ বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে জামায়াতের ডাকা আজকের হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। সমাজবাদী ছাত্রজোট হরতাল প্রত্যাখ্যানের ডাক দিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছে। বাস চালানোর ঘোষণা: এদিকে, হরতাল প্রত্যাখ্যান করে বাস চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। হরতাল ঘোষণার পরপরই গতকাল সমিতির নেতারা বৈঠকে বসে ঢাকা ও শহরতলি এলাকায় বাস চালানোর সিদ্ধান্ত নেন। গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, রাজধানী ও এর আশপাশে বাস চলবে। বিভিন্ন জেলার মালিকদেরও বাস চালানোর অনুরোধ জানানো হয়েছে। আর ঢাকা থেকে দূরপাল্লার পথে যাত্রী পাওয়া গেলে বাস চালানো হবে।এ ছাড়া, আজও রাজপথে হরতালবিরোধী অবস্থানে থাকার কথা বলেছে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। চারটি গাড়িতে আগুন: ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, সন্ধ্যায় ধানমন্ডির সাতমসজিদ রোড ও কুড়িল বিশ্বরোডে একটি করে লেগুনা এবং বাংলামোটরে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি।পুলিশ জানায়, বিকেল চারটার পর হরতালের সমর্থনে হাতিরঝিল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা ব্যানার নিয়ে মিছিল বের করেন। পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। বিকেল পাঁচটার দিকে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে জামায়াত-শিবির ব্যানার নিয়ে মিছিল বের করে। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রমনা থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, পুলিশ মালিবাগ থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।১০টি যান ভাঙচুর-সংঘর্ষ: সন্ধ্যায় দয়াগঞ্জে দুটি বাস থেকে নেমে জামায়াত-শিবিরের কর্মীরা ব্যানার নিয়ে মিছিল বের করেন। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। এ নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুধু লাঠিপেটা করেছে। প্রায় একই সময় মহাখালী এলাকায় দুটি মোটরসাইকেলে আসা কয়েক যুবক চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। সাড়ে নয়টার দিকে কুড়িল বিশ্বরোডে নয়টি যানবাহন ভাঙচুর করা হয়।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর সনি সিনেমা হলের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। রাত ১১টার দিকে মোহাম্মদপুর থানার সামনে হরতাল-সমর্থকেরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে পালিয়ে যান। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির ঘটনাটি নিশ্চিত করেছেন।