জামায়াতের হরতাল কাল, রায় ঠেকানোর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনাল সরকারের নির্দেশিত ছকে আগামীকাল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় প্রদান করে সরকার ঘোষিত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।’ বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, ‘বিতর্কিত ট্রাইব্যুনালের রায়ে যদি সরকারের নীলনকশার শাস্তির বিধানের কোনো প্রতিফলন ঘটে, তাহলে মঙ্গলবারের হরতাল বর্ধিত হয়ে পরদিন ৬ ফেব্রুয়ারি থেকে লাগাতার অব্যাহত থাকবে।’ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সরকারের প্রতিহিংসার রায় জনগণ বুকের রক্ত দিয়ে প্রতিহত করবে।’ জনগণকে সঙ্গে নিয়ে এই হরতাল কর্মসূচি বাস্তবায়নের জন্য দলের সব জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম খান।