জামায়াতের হরতালে সমর্থন দেয়নি বিএনপি
জামায়াতে ইসলামীর ডাকা আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালে সমর্থন দেয়নি বিএনপি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দপ্তরের দায়িত্বে থাকা শামসুজ্জামান আজ সকালে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।১৮-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতের ডাকা আজকের হরতালে বিএনপির সমর্থন প্রসঙ্গে জানতে চাইলে শামসুজ্জামান বলেন, ‘আজকের হরতালে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন নেই।’আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ‘অমর্যাদাকর ও উসকানিমূলক’ বক্তব্য দিয়ে আদালত অবমাননার দায়ে জামায়াতে ইসলামীর তিন নেতাকে জেল ও জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদের তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানা না দিলে তাঁদের কারাদণ্ডের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়বে। আর জামায়াতের মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে গতকাল ট্রাইব্যুনাল চলাকালে পুরো সময় সেখানে হাজির থাকা (কারাদণ্ড) ও এক হাজার টাকা জরিমানা করা হয়।ট্রাইব্যুনালের এই আদেশের প্রতিবাদে আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল দুপুরে এক বিবৃতিতে হরতালের ডাক দেন।তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল মহানগর হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের বিবৃতিতে জানানো হয়। হরতাল ডাকার পর গতকাল দুপুরের পর রাজধানীর বিজয়নগরে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।