জামায়াতের হামলা অশনিসংকেত: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, বিক্ষোভ মিছিলের আড়ালে জামায়াতে ইসলামী গত সোমবার পুলিশ হত্যা করতে চেয়েছিল। এ জন্য তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী পুলিশের ওপর কমান্ডো কায়দায় (স্টাইলে) হামলা করে। যুদ্ধাপরাধীদের জেল থেকে বিকল্প উপায়ে বের করার মহড়া ছিল এটি।জামায়াতে ইসলামীর সহিংসতার প্রতিবাদের আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, জামায়াত ঢাকাসহ সারা দেশে সহিংসতা করেছে। চট্টগ্রামে তারা পুলিশের ওপর গুলি করেছে। এটা অশনিসংকেত। ১৯৭১ সালেও জামায়াত কমান্ডো স্টাইলে মানুষ হত্যা করেছে। তারা জেনে গেছে, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। তাই তারা চেষ্টা করবে কমান্ডো স্টাইলে যুদ্ধারপাধীদের জেল থেকে বের করে নিতে।সৈয়দ আশরাফ বিএনপির হরতাল সম্পর্কে বলেন, জামায়াত ঘরানার বিএনপিপন্থী পত্রিকার এক সম্পাদকের পীড়াপীড়িতে খালেদা জিয়া একক সিদ্ধান্তে হরতাল ডেকেছে। বিএনপির নীতিনির্ধারকেরা হরতাল ডাকতে চাননি। তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার এ হরতালে আপনারা অংশ নেবেন না। কারণ যুদ্ধাপরাধীদের বিচার করা সবার নৈতিক দায়িত্ব। আপনারা হরতাল না করলে এ বিচার ত্বরান্বিত হবে।’সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সমালোচনা করে বলেন, ‘ম্যাডামের নির্দেশে তিনি সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত মাইক নিয়ে কথা বলে যাচ্ছেন। তবে এ রকম আমরা অনেক দেখেছি সেই বঙ্গবন্ধুর সময় থেকেই। কোনো লাভ হবে না। সুতরাং মানুষের কাতারে আসেন।’কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘জামায়াত মানেই নৈরাজ্য আর ধ্বংস। খালেদা জিয়া জামায়াতের সঙ্গে প্রেমের প্রকাশ ঘটাতে হরতাল ডেকেছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, হরতাল দিয়ে তারেক কোকোর দুর্নীতি আর যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না।ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ইউসুফ হোসেন হুমায়ুন, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জাল হোসেন চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু করে পল্টন মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।