জামায়াতের হামলায় ওসি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন: পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা ও কনস্টেবল মীর মনির। আহত পুলিশ সদস্যদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার জুমার নামাজ শেষে জামায়াতের কর্মীরা শহরের বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশন মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা সদর থানার ওসির নেতৃত্বে পুলিশ জামায়াতের কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর জামায়াতের কর্মীরা বিভক্ত হয়ে পাশের মুসলিম এইড হাসপাতালের সামনে থেকে পুলিশের ওপর হামলা চালান। এ সময় জামায়াতের কর্মীদের হামলায় ওই দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশও এ সময় ২০-২৫ টি ফাঁকা গুলি ছোড়ে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।এ ব্যাপারে জেলা জামায়াতের আমির তফাজ্জল হোসেন ফরিদ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে।’ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এম এন মোরশেদ প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আগে থেকেই সেখানে (সাঈদী ফাউন্ডেশনের সামনে) পুলিশ মোতায়েন করা হয়েছিল। নামাজ শেষে জামায়াতকর্মীরা কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০-২৫টি শটগানের গুলি ও তিনটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।