জামায়াতের ১৯ নেতা-কর্মী তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থানা পুলিশ জামায়াতের ১৯ নেতা-কর্মীকে বিস্ফোরক মামলায় গতকাল শুক্রবার তিন দিনের রিমান্ডে নিয়েছে। গত বৃহস্পতিবার জামায়াতের একজন কেন্দ্রীয় নেতাসহ ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, গতকাল জামায়াতের আটক নেতা-কর্মীদের ঢাকা মহানগর হাকিমের আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁদের ১৯ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেপ্তার হওয়া রুবেল মৃধা বয়সে ছোট বলে তাকে জেল-হাজতে পাঠিয়েছেন আদালত।গত বৃহস্পতিবার মিরপুরে জামায়াতের কার্যালয় থেকে ওই ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছয়টি বোমাজাতীয় বস্তু, বোমা তৈরির উপকরণ সন্দেহে কিছু হোমিও ওষুধের মতো সাদা দানাদার পদার্থ ও পুরোনো দস্তার পয়সা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা-কর্মীরা জানিয়েছেন, সংগঠনের নিহত এক নেতার পরিবারকে সহানূভূতি জানাতে তাঁরা ওই কার্যালয়ে জড়ো হয়েছিলেন। ওই নিহত নেতার এসএসসি পড়ুয়া ছেলে রুবেল মৃধাকেও ধরে আনে পুলিশ।যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী-১ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান (৫৬), খুলনা মহানগরের নায়েবে আমির শফিকুল আলম (৫৭), মিরপুর থানা (পশ্চিম) কমিটির আমির মাহফুজুর রহমান (৩৭), কর্মপরিষদের সদস্য তাজিরুল ইসলাম (৫৮), ১২ নম্বর ওয়ার্ডের (উত্তর) সভাপতি নাজমুল হাসান (৩৮), ১২ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ) সভাপতি এ কে এম রোকন উদ্দিন (৪২), ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ টি এম রাফি উদ্দিন (৫৮), কর্মী হেমায়েত উদ্দিন (৪০), হারিজ মোহাম্মদ (৪৩), সদস্য মোস্তাফিজুর রহমান (৬০), আবদুল করিম (৬২), আহসান উল্লাহ পাটোয়ারী (৬২), আবদুল্লাহ আল নোমান (৩৪), মনিরুল ইসলাম (২৮), ইদ্রিস খান (২০), ইয়াসিন (২৪), অ্যাডভোকেট এস এম আবদুল বারী (৫৯), অফিসকর্মী রুহুল আমিন (২৮) ও মোয়াজ্জেম হোসেন (৪০)।