জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে
জামায়াতে ইসলামীর ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকালে পল্টনে জামায়াতের মহানগর কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, ভোরে অনুমতি ছাড়া মিছিল-সমাবেশ করার প্রস্তুতি নেওয়ার সময় এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মিছিল থেকে গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে এর আগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ গতকাল তাঁদের আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক জানান, মহানগর কার্যালয়ে নেতা-কর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং অনুমতি ছাড়া সমাবেশের চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে।জামায়াতের প্রচার সম্পাদক তাসনীম আলম এক বিবৃতিতে বলেন, গতকাল সকাল সাতটার দিকে জামায়াতের মহানগর কার্যালয়ে দলের একটি সভা চলাকালে পুলিশের ৪০ থেকে ৫০ জন সদস্য অফিস প্রাঙ্গণে যান। তাঁদের মধ্যে ২০ থেকে ২৫ জন অফিসে ঢুকে ব্যাপক তল্লাশি চালান এবং ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যান। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি দাবি করেন।