একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর চার নেতার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ১ জুনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আবেদনটি নাকচ করে দেন। সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়ে শেষ হয় বেলা একটার দিকে। এই চার নেতা হলেন দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান।এঁদের মধ্যে নিজামী, কাদের মোল্লা ও কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালে আনা হয়। আর মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে সকাল সাড়ে আটটার দিকে ট্রাইব্যুনালে আনা হয়।গতকাল বুধবার একই অভিযোগে আটক দলটির নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।