জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া ট্রাইব্যুনাল তাঁদের জামিনের আবেদনও খারিজ করে দেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন। জামায়াতের এ চার নেতা হলেন—দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।এদিকে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়টি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম গতকাল ট্রাইব্যুনালকে অবহিত করেন।নিজামীসহ জামায়াতের বর্তমান চার নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য থাকায় গতকাল সকালে তাঁদের পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে বলেন, তদন্ত সংস্থা জামায়াতের এই চার নেতার বিরুদ্ধে তদন্ত শেষে আলাদাভাবে চারটি প্রতিবেদন জমা দিয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের জন্য এক মাস সময় লাগবে।ট্রাইব্যুনাল জানতে চান, চারজনের বিরুদ্ধে একটি না চারটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। জবাবে সৈয়দ হায়দার আলী বলেন, তদন্ত প্রতিবেদনগুলো ও এর সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক নথিপত্র না দেখে এটি বলা যাবে না। পরে ট্রাইব্যুনাল ৫ ডিসেম্বরের মধ্যে এ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আদেশ দেন।এরপর ওই চারজনের পক্ষে তাঁদের আইনজীবী তাজুল ইসলাম জামিনের আবেদন করলে ট্রাইব্যুনাল তা খারিজ করেন। গতকাল তাজুল ইসলামের করা আরও কয়েকটি আবেদনের শুনানি হয়। এর একটিতে সাক্ষীদের সাক্ষ্য সংরক্ষণের জন্য অডিও-ভিজ্যুয়াল পদ্ধতি ব্যবহারের আবেদন করা হয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ না দিয়ে বলেন, পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অপর এক আবেদনে বাংলা একাডেমী ও জাতীয় গ্রন্থাগারে ১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৯৭২ সালের ১ মার্চ পর্যন্ত সময়ের সংরক্ষিত পত্রিকা ও নথিপত্র ব্যবহার করতে দেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ট্রাইব্যুনাল কোনো প্রতিষ্ঠানকে তথ্য দেওয়ার ক্ষেত্রে বাধ্য করতে বা বাধা দিতে পারেন না। ট্রাইব্যুনাল এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করতে আসামিপক্ষের আইনজীবীদের পরামর্শ দেন।