জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১ আগস্ট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আটক জামায়াতে ইসলামীর চার নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ১ আগস্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। আজ সকালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল পৌনে ১১টার দিকে শুনানি শুরু হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থাকে আগামী ১ আগস্ট এ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ওই দিন এ চারজনের আটকাদেশের এক বছর পূর্ণ হবে। এ জন্য ট্রাইব্যুনাল এক বছরের মধ্যে মামলার তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ১ আগস্ট এ চার নেতার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়। শুনানি শেষে কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আর নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। একই অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ১ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য রয়েছে।