জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল কাল থেকে
ঈদের আগে টিকিট ও রাস্তার ঝক্কি-ঝামেলা চুকিয়ে গ্রামে যাওয়া লোকজন এবার ফেরার সময় দুর্ভোগে পড়ছেন হরতালের কারণে। কাল মঙ্গলবার ও বুধবার সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল শুরু হচ্ছে।প্রথমে ১২-১৩ আগস্ট হরতালের ঘোষণা দিয়ে পরে এক দিন পিছিয়ে ১৩-১৪ করা হয়। তখন জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ঈদের ছুটির পর মানুষের কর্মস্থলে ফেরার কথা চিন্তা করে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হলো। কিন্তু রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামে যাওয়া লাখো মানুষের এক দিনেই কর্মস্থলে ফেরা সম্ভব কি না, সে প্রশ্নও উঠেছে।তবে দলের একাধিক সূত্রমতে, আজ ১২ আগস্ট জামায়াতের কারাবন্দী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের মেয়ের বিয়ে। বিয়ে অনুষ্ঠান হবে রাজধানীতেই। এ কারণে হরতাল এক দিন পেছানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে জামায়াতের দায়িত্বশীল কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।‘জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র, দলের নেতাদের হত্যার চক্রান্ত ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সরকার পরিকল্পনা করছে’—এমন দাবি করে তার প্রতিবাদে গত বৃহস্পতিবার এই হরতাল ডাকা হয়।ওই দিনই রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধন হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দিলে দলটি হরতালের কর্মসূচি দেয়। তখন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বিবৃতি দিয়ে হরতালের ডাক দেন।এদিকে হরতাল ডেকে রায় সম্পর্কে বিরূপ মন্তব্য করায় হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেছেন। এ ছাড়া রফিকুল ইসলাম খান ও দলের প্রচার বিভাগের মো. ইব্রাহিমকে আগামী ১৬ সেপ্টেম্বর হাইকোর্টে তলব করা হয়েছে।গতকাল রোববার এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান ১৩ ও ১৪ আগস্ট হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি ঈদের আগে সীতাকুণ্ডে দুজনকে হত্যা ও বিভিন্ন অনুষ্ঠান থেকে দলের অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানান।