জামিন আবেদন খারিজ, ফের কারাগারে কায়সার
একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।আদেশে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারে বেশি বয়স জামিনের বিবেচনার ভিত্তি হতে পারে না।জামিন শুনানিতে কায়সারের আইনজীবী এস এম শাহজাহান ট্রাইব্যুনালে বলেন, কায়সারের বয়স ৭৩ বছর। তিনি গুরুতর অসুস্থ। তাঁর বুকে পেসমেকার বসানো আছে, তিনি হুইলচেয়ার ছাড়া চলাচল করতে পারেন না। ১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।১৬ মে রাতে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন কায়সারকে গ্রেপ্তারের জন্য পুলিশ মোতায়েন করা হয়। গতকাল মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বেলা আড়াইটার দিকে তেজগাঁও থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করে। পরে ট্রাইব্যুনাল জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।