জামিন আবেদন নাকচ, পেশায় থাকার প্রশ্নে শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসকক্ষে বিশৃঙ্খলা-হট্টগোল, পুলিশের কাজে বাধা ও নাজেহাল করার অভিযোগে করা দুটি মামলায় বিএনপি-সমর্থক আইনজীবীদের জামিন মেলেনি। তাঁদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১১ জনের জামিনের আবেদন গতকাল খারিজ হয়। এদিকে বিএনপি-সমর্থক ১৩ আইনজীবীকে পেশা পরিচালনা থেকে বিরত থাকতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে তাঁদের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি আজ বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আবেদন খারিজের পর: হাইকোর্টের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আসামিদের আবেদন হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছেন। আসামিরা উপস্থিত না থাকায় এ আদেশ হয়েছে। এখন তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারেন।আসামিপক্ষের আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, ‘আমরা আদালতে আবেদন দুটি নট প্রেসড (উত্থাপন না করা) করেছি। আদালত উত্থাপিত হয়নি মর্মে ১১ জনের আবেদন খারিজ করেছেন। যেহেতু আদালত মেরিটে (মূল বিষয়বস্তু) যাননি, তাই আমরা অন্য বেঞ্চে যেতে পারব।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ২ আগস্ট শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে ১৪ আইনজীবীসহ অজ্ঞতানামা ৩০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে মারধরের অভিযোগে ৪ আগস্ট রাতে নয় আইনজীবীসহ অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। প্রথম মামলায় সৈয়দা আফিফা আশরাফী পাপিয়া ও তৌহিদুল ইসলাম গ্রেপ্তার আছেন। ওই মামলায় রেজোয়ান আহম্মেদ জামিনের আবেদন করেননি। এ হিসেবে প্রথম মামলায় ১১ জন জামিনের আবেদন জানান। দুই মামলার আসামি এনামুল হোসেন গাফফার শুনানিকালে উপস্থিত ছিলেন না। আর দ্বিতীয় মামলায় নয় জনের মধ্যে সাত জন প্রথম মামলার আসামি। দ্বিতীয় মামলায় যুক্ত নতুন দুই আসামি হলেন গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও ওয়ালিউর রহমান। নয় জনের মধ্যে ওয়ালিউর রহমান গতকাল সকালে তাঁর নাম জামিনের দরখাস্ত থেকে বাদ দেওয়ার আবেদন জানালে তা মঞ্জুর করা হয়। সূত্র জানায়, সকালে জামিন আবেদনের ওপর আদেশ দেওয়ার কথা থাকলেও এম বদরুদ্দোজা এক দিন সময় চান। আদালত দুপুরে আদেশ দেওয়ার কথা জানান। পরে দুইটার দিকে দুই বিচারপতি এজলাসে আসেন। শুরুতেই জামিন আবেদনকারীদের আইনজীবী এম বদরুদ্দোজা বলেন, আইনজীবীদের জামিন আবেদন দুটি আমরা চালাব না। আবেদন দুটি নট প্রেসড করলাম। এরপর আদালত আদেশ দেওয়া শুরু করেন।আদেশের এ পর্যায়ে আপত্তি জানিয়ে এম বদরুদ্দোজা বলেন, ‘অতীতে আমরা দেখে এসেছি যখন কোনো আবেদন নট প্রেস করা হয় তখন আদেশে শুধু বলা হয়, অ্যাপ্লিকেশন রিজেকেটেড এজ নট প্রেসড। আদেশের সময় আবেদনকারীদের উপস্থিত থাকার নিয়ম নেই।’ আদালত বলেন, আগাম জামিন আবেদনের ক্ষেত্রে আদেশের সময় আবেদনকারীকে উপস্থিত থাকতে হয়। আদালত বলেন, ‘আমরা আদেশ দিয়ে দিয়েছি।’ এম বদরুদ্দোজা বলেন, ‘আপনি আদেশে এখনো স্বাক্ষর করেননি। অস্বাক্ষরিত আদেশ পরিবর্তনের নজির আছে।’ এ সময় আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজা প্রমুখ। ১৩ আইনজীবীর পেশা পরিচালনা: ২ আগস্ট এজলাসকক্ষে বিশৃঙ্খলা-হইচইয়ের ঘটনায় পরদিন হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নিজেদের ব্যক্তিগত মামলা ছাড়া দেশের যেকোনো আদালতে তাঁদের প্রবেশ না করতেও বলা হয়। রুলে ওই ঘটনায় অমর্যাদাকর আচরণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বা সনদ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ১৪ আগস্টের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল ও সংশ্লিষ্ট আইনজীবীদের রুলের জবাব দিতে বলা হয়। সূত্র জানায়, হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে ৩ আগস্ট হলফনামার অনুমতি প্রার্থনা করে আপিল বিভাগে আবেদন জানান। আদালত রোববার সিদ্ধান্ত দেওয়ার কথা জানান। পরে আবেদনটি দায়ের করে গতকাল দুপুরে চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়। আদালত কাল বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আদালতে ১৩ জনের পক্ষে আইনজীবী খন্দকার মাবহবুব হোসেন, মওদুদ আহমদ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।